চট্টগ্রাম, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১০ ট্রাক অস্ত্র মামলা অধিকতর তদন্তে আরো দুই মাস সময় পেলো মামলার তদন্ত সংস্থা সিআইডি।
সিআইডি'র ৯০ দিনের সময় বাড়ানোর আবেদনের প্রেক্ষিতে সোমবার দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ ভবানী প্রসাদ সিংহ ৬০ দিন সময় বাড়ান।
শনিবার মামলার তদন্ত কর্মকর্তা (আইও) সিআইডির সিনিয়র এএসপি মনিরুজ্জামান চৌধুরী সময় বাড়ানোর আবেদন করেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মহানগর পিপি কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শুনানি শেষে বিচারক আগামী ২৩ মে পর্যন্ত এ মামলার অধিকতর তদন্তের মেয়াদ বাড়ানোর আদেশ দিয়েছেন।"
আদালতে শুনানিকালে পিপি কামাল বলেন, "অস্ত্রবহনকারী জাহাজ এখনো শনাক্ত করা যায়নি। এছাড়া মূল জাহাজ থেকে অস্ত্র খালাসকালীন সময়ে উপস্থিত নৌবাহিনীর টহল জাহাজটিও শনাক্ত করা যায়নি। এটি শনাক্ত এবং এতে উপস্থিত নৌবাহিনীর কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন।"
এছাড়া তৎকালীন সময়ে সরকারিভাবে গঠিত তদন্ত কমিটির সদস্যদের ভূমিকা এবং তদন্তকারী কর্মকর্তার কাছে দেওয়া জবানবন্দি যাচাই-বাছাইয়ে সময় প্রয়োজন উল্লেখ করে পিপি আদালতের কাছে সময় বাড়ানোর আবেদন জানান।
এ নিয়ে এ মামলার অধিকতর তদন্তের সময় ৭ম বারের মতো বাড়ানো হলো। সর্বশেষ গত ৪ জানুয়ারি মহানগর দায়রা জজ এ মামলা ষষ্ঠ দফায় অধিকতর তদন্তের জন্য ৭৬ দিনের সময় বাড়িয়েছিলেন। সোমবার এ মেয়াদ শেষ হয়।
২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে সিইউএফএল'র সংরক্ষিত জেটি থেকে ১০ ট্রাক সমপরিমাণ অস্ত্র চালান আটক করা হয়। এ ঘটনায় অস্ত্র ও চোরাচালান আইনে পৃথক দু'টি মামলা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২১৫৮ ঘ.
bdnews24