ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর ছেলের বিরুদ্ধে ভিওআইপি সংশ্লিষ্টতার অভিযোগ আনার পর দায়ের ছয়টি মানহানির মামলায় সংসদে বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুককে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলেছে হাইকোর্ট।
বিএনপি নেতা ফারুক ওই মামলাগুলোয় জামিনের আবেদন নিয়ে গেলে বিচারপতি আব্দুল ওয়াহহাব মিয়া ও বিচারপতি আব্দুর রাজ্জাকের বেঞ্চ সোমবার এ নির্দেশ দিয়েছে।
আদালত আট সপ্তাহের মধ্যে ফারুককে বিচারিক আদালতে হাজির হতে বলেছে।
শরীয়তপুর, নীলফামারী, চট্টগ্রাম, সিলেট, রংপুর ও পাবনার আদালতে দায়ের হওয়া ছয়টি মামলায় আগাম জামিন চেয়েছিলেন ফারুক। তার বিরুদ্ধে একই অভিযোগে আরো অন্তত পাঁচটি মামলা রয়েছে।
আদালতে ফারুকের পক্ষে শুনানি করেন মওদুদ আহমেদ, রফিকুল ইসলাম মিয়া ও মাহমুদউদ্দিন খোকন।
ফারুক গত ১১ মার্চ সংসদে বলেন, প্রধানমন্ত্রীর ছেলে সজিব আহমেদ ওয়াজেদ অবৈধ ভিওআইপি ব্যবসায় জড়িত। পরদিন এক সংবাদ ব্রিফিংয়েও একই অভিযোগ করেন তিনি।
এরপর বিভিন্ন স্থানে আওয়ামী লীগ সমর্থকরা মামলাগুলো করে।
রংপুরের মামলাটি করেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাসেম বিন জুম্মন। এতে ১০০ কোটি টাকা মানহানির অভিযোগ আনা হয়। পাবনার মামলার বাদি জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ আজাদ।
শরীয়তপুরের মামলাটি করেন জেলা ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেন হাওলাদার। চট্টগ্রামের মামলাটির বাদি যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শাহেদ উদ্দিন।
সিলেটের মামলাটি করেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সফিউল আলম চৌধুরী নাদেল। নীলফামারীর মামলার বাদি জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম শাহরিয়ার পিউ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮২৫ ঘ.
bdnews24