জয়পুরহাট, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা শহরের সবুজনগর এলাকায় রোববার একটি খামারের দেড় হাজারেরও বেশি বার্ড ফ্লু আক্রান্ত মুরগি নিধন করা হয়েছে।
সাভান্না এগ্রো ইন্ডাষ্ট্রিজ নামের মুরগি খামারটি বন্ধ করে ওই এলাকায় সতর্কতা জারি করেছে প্রাণিসম্পদ বিভাগ।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শহিদুল ইসলাম বলেন, কয়েকদিন থেকে খামারটিতে মুরগি মরা শুরু হয়। রোববার জয়পুরহাট আঞ্চলিক গবেষণাগারে মরা মুরগির নমূনা পরীক্ষায় বার্ড ফ্লু'র জীবাণু শনাক্ত হয়। একইদিন ঢাকা প্রাণিসম্পদ অধিদপ্তরও বিষয়টি নিশ্চিত হয়ে খামারটির মুরগি নিধনের নির্দেশ পাঠায়।
সন্ধ্যায় প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা গিয়ে এক হাজার ৬১৫টি সোনালী লেয়ার মুরগি নিধন ও ৪৮৭টি ডিম ধ্বংস করে মাটিচাপা দেন।
এ সময় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বৈদ্যনাথ বর্মন ও স্বাস্থ্য পরিদর্শক আজাহার আলী উপস্থিত ছিলেন।
গত জানুয়ারি মাসে জেলার ক্ষেতলাল উপজেলায় আরো দু'টি খামারে বার্ড ফ্লু আক্রান্ত দেড় হাজার মুরগি নিধন করা হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭১৩ ঘ.
bdnews24