ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সব অবৈধ বিলবোর্ড অবিলম্বে অপসারণের জন্য সিটি কর্পোরেশনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
এ কাজে অহযোগিতার অভিযোগ ওঠায় শাহবাগ থানার ওসিকে তলব করা হয়েছে। একইসঙ্গে বৈধ বিলবোর্ডগুলো সঠিকভাবে স্থাপন করা হয়েছে কিনা, তাও জানতে চেয়েছে আদালত।
মানবাধিকার সংগঠন হিউমেন রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ-এর একটি রিট আবেদনে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মো. দেলোয়ার হোসেনের বেঞ্চ সোমবার কয়েকটি আদেশ দেয়।
গত ১৫ মার্চ রাজধানীতে বিলবোর্ড চাপা পড়ে দুজনের মৃত্যুর পর ২১ মার্চ মানবাধিকার সংগঠনটি এ রিট আবেদন করে।
আদালতের বিলবোর্ড অপসারণের কাজে ঢাকা সিটি কর্পোরেশনকে সব ধরনের সহায়তার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছে।
বিলবোর্ডে চাপা পড়ে মৃতদের কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না আদালত তার কারণও জানতে চেয়েছে।
কারণ জানাতে ঢাকার মেয়র, স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শককে তিন সপ্তাহ সময় দেওয়া হয়েছে।
গত ১৮ মার্চ অবৈধ বিলবোর্ড অপসারণের কাজ শুরু করলেও শাহবাগ থানা পুলিশের অসহযোগিতায় তা শেষ করা যায়নি বলে অভিযোগ ঢাকা সিটি কর্পোরেশনের।
অসহযোগিতার জন্য দায়ীদের বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না, তার কারণও পুলিশ প্রধানকে জানাতে বলেছে হাইকোর্ট।
শাহবাগ থানার ওসি রেজাউল করিমকে ৫ এপ্রিল আদালতে হাজির হয়ে তার ডিসিসিকে অসহযোগিতার বিষয়ে তার বক্তব্য জানাতে বলা হয়েছে। তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তার কারণও জানতে চেয়েছে হাইকোর্ট।
এখতিয়ার ডিসিসির হলেও ঢাকায় পুলিশ বিভিন্ন বিলবোর্ড স্থাপন করেছে বলে সংবাদ মাধ্যমে খবর ছাপা হয়।
পুলিশের অনুমতিতে ঢাকা শহরে কয়টি বিলবোর্ড স্থাপন করা হয়েছে এবং কোন আইনে তা করা হয়েছে করেছে, আদালত ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কাছে তার ব্যাখ্যা চেয়েছে। ৫ এপ্রিল তা দিতে বলেছে।
ঢাকায় বৈধভাবে স্থাপিত বিলবোর্ডগুলো সঠিকভাবে স্থাপন করা হয়েছে কিনা, একটি বিশেষজ্ঞ কমিটি করে তা পরীক্ষা করে আগামী দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে ডিসিসির প্রতি আদেশ দিয়েছে আদালত।
শুনানিতে হিউমেন রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ-এর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আকরাম হোসেন।
রাজধানীতে বৈধ বিলবোর্ড ও মেগাসাইনের সংখ্যা পাঁচশ। এর বাইরে প্রায় প্রায় আড়াই হাজার অবৈধ বিলবোর্ড রয়েছে বলে ডিসিসি জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪২০ ঘ.
bdnews24