২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে বিএনপিকর্মী খুন

মেহেরপুরে এক বিএনপিকর্মীকে গলা কেটে হত্যা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2010, 12:31 PM

Updated : 24 Aug 2022, 07:44 PM

মেহেরপুর, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেহেরপুরে এক বিএনপিকর্মীকে গলা কেটে হত্যা করা হয়েছে। জমির বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশের ধারণা। শনিবার রাতের এ ঘটনায় মামলা হলেও হত্যাকাণ্ডে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন বিএনপির সদস্য নূর ইসলামের (৩৮) লাশ রোববার সকালে হিজুলি গ্রামের একটি বিলের পাশ থেকে উদ্ধার করা হয়। নিহতের বাবা নিজাম উদ্দিন ও চাচাতো ভাই আব্দুল হান্নান সাংবাদিকদের জানান, তারা হিজলি গ্রামের একটি খাস জমিতে ঘর তুলে ২০০৩ সাল থেকে বসবাস করে আসছেন। ২০০৪ সালে গ্রামের প্রভাবশালী একটি মহল তাদের বাড়ির পাশের অন্য একটি খাস জমিতে পুকুর করে মাছের আবাদ শুরু করে। তারা নূরুল ইসলামের বাড়িও দখলের চেষ্টা করে আসছে অভিযোগ করে নিজাম বলছেন, এ হত্যাকাণ্ডে ওই মহলের যোগসাজশ রয়েছে। নিজাম জানান, তার ছেলে শনিবার সন্ধ্যায় জমিতে সেচ দিতে যায়। রাতে বাড়ি ফেরেনি। সকালে তার জবাই করা লাশ পাওয়া যায়। এ ঘটনায় নিহতের ভাই আমিরুল ইসলাম বাদি হয়ে একটি হত্যা মামলা করেছেন বলে সদর থানার উপপরিদর্শক জিহাদ হোসেন জানিয়েছেন। তিনি রোববার দুপুরে সাংবাদিকদের বলেন, কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো সনাক্ত করা যায়নি। ওই গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮১৮ ঘ.