জামালপুর, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুরের বকশীগঞ্জে হাতুড়ি দিয়ে পিটিয়ে সরকার সমর্থক যুব সংগঠনের এক নেতাকে হত্যা করা হয়েছে।
এ হত্যাকাণ্ডের জন্য বিরোধী দল বিএনপির কর্মীরা দায়ী বলে পুলিশের দাবি।
শুক্রবার সন্ধ্যায় বকশীগঞ্জ বাজারে গরুহাটে যুবলীগ নেতা মাসুদুর রহমান মাসুদকে (২৫) পেটানো হয়। শনিবার ভোররাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
মাসুদ আওয়ামী যুবলীগের বকশীগঞ্জ উপজেলা কমিটির সদস্য ছিলেন।
বকশীগঞ্জ থানার ওসি নাসিরউদ্দিন আহম্মেদ সাংবাদিকদের বলেন, "হাটে জুয়া খেলার প্রতিবাদ করায় বিএনপির একদল কর্মী মাসুদকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। মাসুদকে প্রথমে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। সেখান থেকে তাকে নেওয়া হয় শেরপুর সদর হাসপাতালে।"
অবস্থার অবনতি ঘটলে মাসুদকে রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় বলে ওসি জানান।
তিনি বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ কর্মকর্তা নাসির দাবি করেছেন, হত্যাকারীরা বকশীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী রহিমা বেগমের অনুসারী।
এ বিষয়ে বক্তব্য জানার জন্য রহিমা বেগমের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও তা বন্ধ পাওয়া যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৩১ ঘ.
bdnews24