ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিনদিন চলার পর লঞ্চ ধর্মঘট প্রত্যাহার করেছে নৌযান শ্রমিকরা।
সরকারের দুই মন্ত্রীর উপস্থিতিতে বৃহস্পতিবার চারঘণ্টাব্যাপী ত্রিপক্ষীয় বৈঠকে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শহিদুল আলম মজুমদার সাংবাদিকদের এতথ্য জানান।
তিনি জানান, বৈঠকে শ্রম অধিদপ্তরের পরিচালক আবু তালেবকে প্রধান করে ১৬ সদস্যের একটি কমিটি করা হয়। কমিটিতে মালিক ও শ্রমিক পক্ষের ছয়জন করে এবং চারজন সরকারি প্রতিনিধি থাকবেন।
বৈঠকে একটি মালিক, শ্রমিক ও সরকারের একটি ত্রিপক্ষীয় চুক্তি হয়েছে বলে বৈঠক শেষে জানান শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, "মজুরি কাঠামো নির্ধারণে রোববার থেকে কাজ শুরু করবে কমিটি।"
কমিটি ৩০ এপ্রিলের মধ্যে নৌ-শ্রমিকদের জন্য জাতীয় বেতন স্কেলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি পূর্ণাঙ্গ বেতন কাঠামো ও সুপারিশ তৈরি করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে জমা দেবে বলে জানান মন্ত্রী।
শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মধ্যস্থতায় তার হেয়ার রোডের বাসায় বৈঠক শুরু হয় রাত ৮টায়।
বৈঠকে নৌমন্ত্রী শাজাহান খান, নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইসরাফিল আলম, লঞ্চ মালিকদের সংগঠন অভ্যন্তরীন নৌ পরিবহন (যাত্রী) সংস্থার সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ, নৌ-যান শ্রমিক ফেডারেশনের জ্যেষ্ঠ সহ-সভাপতি শাহ আলম, চৌধুরী আশিকুল আলম, জাহাজি শ্রমিক ফেডারেশনের শুক্কুর মাহমুদ ও জাহাঙ্গীর আলম প্রমুখ নেতা উপস্থিত ছিলেন।
বৈঠকে জাহাজি শ্রমিক ফেডারেশনের একটি বেতন কাঠামোর প্রস্তাব উত্থাপন করা হয়।
বেতন বৃদ্ধি ও নৌ নিরাপত্তাসহ বিভিন্ন দাবিতে মঙ্গলবার থেকে ধর্মঘট শুরু করে দেশের নৌযান শ্রমিকরা। এতে দক্ষিণাঞ্চলসহ বিভিন্ন এলাকার নৌযাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।
বৃহস্পতিবার দুপুরে ধর্মঘট প্রত্যাহার সাপেক্ষে আলোচনায় বসার প্রস্তাব দেয় নৌযান মালিকরা।
ধর্মঘট চলমান অবস্থায়ই ত্রিপক্ষীয় আলোচনা শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএম/পিডি/০১১৭ ঘ.
bdnews24