রাজশাহী, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৈনিক আমার দেশ'র পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ তিনজনের বিরুদ্ধে রাজশাহীতে মানহানির মামলা হয়েছে।
গত ১৬ মার্চ আমার দেশ পত্রিকার শেষের পাতায় 'এক বছরের মধ্যেই জিরো থেকে হিরো আওয়ামী লীগ নেতা আওয়াল' শিরোনামে সংবাদ প্রকাশ করায় তাদের বিরুদ্ধে মামলাটি করা হয়।
রাজশাহী মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এবং রাজশাহী শিল্প ও বণিক সমিতির পরিচালক শামসুজ্জামান আওয়াল বৃহস্পতিবার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি করেন।
হাকিম মো. মশিউর রহমান চৌধুরী আসামিদের আগামী ৫ মে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
মামলার অপর আসামিরা হলেন- পত্রিকাটির প্রকাশক হাসমত আলী ও রাজশাহী কার্যালয় প্রধান সরদার এম আনিছুর রহমান।
মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজসে বাদির বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করেছে। এতে তার সম্মানহানি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২০৪৮ ঘ.
bdnews24