ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নৌ-ধর্মঘট প্রত্যাহার করে শ্রমিকদের আলোচনায় বসার আহবান জানিয়েছে পণ্যবাহী নৌযান মালিকদের সংগঠন কার্গো ভেসেল্স্ ঔনার্স অ্যাসোসিয়েশন।
বুধবার বিকালে এক সংবাদ সম্মেলনে এই আহবান জানান সংগঠনটির নেতা গাজী বেলায়েত হোসেন মিঠু।
জাতীয় প্রেসক্লাবে জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, ''শ্রমিকদের কর্মবিরতির ফলে ইতিমধ্যে পণ্যবাহী নৌযান খাতে বিপর্যয় সৃষ্টি হয়েছে। তাই আপনারা কর্মবিরতি প্রত্যাহার করে আলোচনার টেবিলে আসুন।''
শ্রম অধিদপ্তর দুই মাস আগে নৌযান শ্রমিক ফেডারেশনকে অবৈধ ঘোষণা করায় এই ধর্মঘটের কোনো বৈধতা নেই বলেও দাবি করেন এই নেতা।
তবে সংগঠনটিকে অবৈধ ঘোষণা বিষয়ে নৌ-পরিবহন এবং শ্রম মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা কোনো তথ্য দিতে পারেননি।
বেতন বৃদ্ধি ও নৌ-নিরাপত্তাসহ ২২ দফা দাবিতে নৌ-শ্রমিকরা মঙ্গলবার সারা দেশে নৌ ধর্মঘট শুরু করে। নৌ-যান শ্রমিক ফেডারেশন এই ধর্মঘট আহবান করে।
কার্গো ভেসেল্স্ ঔনার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিষদের নির্বাচন প্রক্রিয়াধীন থাকায় নির্বাচিত প্রতিনিধি নেই। সদ্যবিদায়ী সাধারণ সম্পাদক গাজী বেলায়েত হোসেন মিন্টু কার্গো জাহাজ মালিকদের পক্ষে বক্তব্য রাখেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ''২০০৪ সালে প্রকাশিত গেজেট অনুযায়ী শ্রমিকদের মজুরি দেওয়া হচ্ছে। এর সঙ্গে শতকরা ৬৯ ভাগ অন্তবর্তীকালীন ভাতা দেওয়ার বিষয়টিও অব্যাহত আছে। সুতরাং মজুরি কাঠামো পুনর্নির্ধারণের দাবিতে নৌযান শ্রমিকদের কর্মবিরতি কোনোভাবেই যুক্তিযুক্ত ও আইনানুগ নয়।''
নৌ-শ্রমিকদের এ ধর্মঘটে দেশীয় লাইটার ও কার্গো জাহাজের প্রতিদিন প্রায় তিন কোটি টাকা ক্ষতি হচ্ছে দাবি করে লিখিত বক্তব্যে বলা হয়, এ ধর্মঘটের ফলে আমদানিকারকদের প্রায় সাত লাখ মার্কিন ডলার জরিমানা গুনতে হচ্ছে।
সংবাদ সম্মেলনে সংগঠনের নেতাদের মধ্যে খুরশিদ আলম, রাশেদ হাসান, হাজী শফিক আহমেদ, এস এম আলী, নুরুল হক, জাহিদুল ইসলাম, কাজী শফিকুল ইসলাম, আবু বকর সিদ্দিক খান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৮২০ ঘ.
bdnews24