ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামে জমি বা সম্পত্তি হস্তান্তরের স্ট্যাম্পের শুল্কহার এক শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য ১৮৯৯ সালের স্ট্যাম্প অ্যাক্ট সংশোধন করা হবে।
সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এতথ্য জানান।
তিনি বলেন, "রাজস্ব বাড়াতে গ্রামাঞ্চলের জমি বা সম্পত্তি হস্তান্তরে স্ট্যাম্পের শুল্কহার পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগের শুল্কহার ২ শতাংশ থেকে বাড়িয়ে ৩ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে গ্রাম এবং শহরে জমি বা সম্পত্তি হস্তান্তরে ৩ শতাংশ হারে শুল্ক দিতে হবে।"
আগে শহর ও গ্রামাঞ্চলে জমি বা সম্পত্তি হস্তান্তরের শুল্কহার ছিল যাথাক্রমে ৩ ও ২ শতাংশ।
আবুল কালাম জানান, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মঙ্গলবার সংসদে ২০০৯-১০ অর্থ বছরের বাজেটের গত ছয় মাসের অগ্রগতি সম্পর্কে প্রতিবেদন তুলে ধরবেন। এছাড়াও সম্ভাব্য সংশোধিত বাজেটের রূপরেখাও উপস্থাপন করবেন তিনি।
তিনি বলেন, "মন্ত্রিসভায় ২০০৯-১০ অর্থ বছরের বাজেটের গত ৬ মাসের আগ্রগতি সম্পর্কে আলোচনা হয়েছে। বিশ্ব অর্থনৈতিক মন্দার মধ্যেও দেশের অর্থনীতি শক্তিশালী হয়েছে। যে কোনও সময়ের তুলনায় অর্থনৈতিক অবস্থা ভালো থাকায় বৈঠকে সন্তুষ্টি প্রকাশ করা হয়।"
মন্ত্রিসভার আলোচ্যসূচি সম্পর্কে প্রধানমন্ত্রীর প্রেসসচিব জানান, 'দি জুট (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০১০'-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়াও সভায় প্রধানমন্ত্রীর ভারত সফর, বাংলাদেশ উন্নয়ন ফোরাম-২০১০-এর প্রদিবেদন এবং ভিয়েনায় স্বল্পোন্নত দেশের মন্ত্রী পর্যায়ের সম্মেলন সম্পর্কে অবহিত করা হয়।
তিনি বলেন, "মুক্তিযুদ্ধে অবদান রাখায় বিভিন্ন দেশের বরেণ্য ব্যক্তি ও সংগঠনকে সম্মাননা এবং ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট (আইসিসি)-এর রোম সংবিধিতে অনুসমর্থনের বিষয়টি আলোচ্যসূচিতে থাকলেও তা আরও যাচাই-বাছাইয়ের জন্য ফেরত পাঠানো হয়েছে।"
মন্ত্রিসভার বৈঠক প্রসঙ্গে সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করলেও আবুল কালাম আজাদ কোনও জবাব দেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/পিডি/২১৫৬ ঘ.
bdnews24