ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেরিনা কম্পোজিট টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেড'র ব্যবস্থাপনা পরিচালক আফরোজা বারীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার একটি আদালত; অভিযোগ চেক প্রতারণা।
রোববার ঢাকার পঞ্চম যুগ্ম মহানগর দায়রা জজ ওয়ালিউল ইসলাম এ আদেশ দেন।
জেরিনা কম্পোজিট টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেড জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান 'আনন্দ গ্র"প'র একটি প্রতিষ্ঠান।
পুরানা পল্টন এলাকার ব্যবসায়ী মো. শহিদুল্লাহ হোসেন এক কোটি টাকার চেক প্রতারণার আভিযোগে ২০০৭ সালের ২৭ সেপ্টেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি দায়ের করেন।
পরে যুগ্ম মহানগর দায়রা জজ আদালতে বিচারের জন্য মামলাটি বদলি হয়।
বাদীর আইনজীবী জাকারিয়া হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টঙ্গীতে একটি স্পিনিং মিল স্থাপনের জন্য আফরোজা বারী বাদীর কাছ থেকে কয়েক কোটি টাকা ধার নেন। ওই অর্থ পরিশোধের জন্য ২০০৭ সালের ৫ ফেব্রুয়ারি তিনি বেসিক ব্যাংক লি. শান্তিনগর শাখার একটি হিসাবের অনুকূলে এক কোটি টাকার চেক দেন। ওই বছরের ১৯ জুলাই চেকটি প্রত্যাখাত হয়।
জাকারিয়া আরো বলেন, মামলাটির বিচারের ধার্য দিনে অভিযুক্ত আদালতে হাজির না হওয়ায় এবং তার পক্ষে কোনো পদক্ষেপ না থাকায় বিচারক এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/ডিডি/এইচএ/২৩৫৫ ঘ.
bdnews24