২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জৈন্তাপুর সীমান্তে বিডিআর-বিএসএফ ফের গোলাগুলি

নয়া দিল্লিতে বিডিআর-বিএসএফ সীমান্ত সম্মেলন শেষ হওয়ার তিনদিনের মাথায় সিলেটের জৈন্তাপুর সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2010, 10:32 AM

Updated : 24 Aug 2022, 07:32 PM

সিলেট, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নয়া দিল্লিতে বিডিআর-বিএসএফ সীমান্ত সম্মেলন শেষ হওয়ার তিনদিনের মাথায় সিলেটের জৈন্তাপুর সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। রোববার জৈন্তাপুরের ডিবির হাওরে মাছ ধরাকে কেন্দ্র করে এই গোলাগুলির ঘটনা ঘটে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে অন্তত আট বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সিলেট সেক্টরের উপঅধিনায়ক মেজর মো. কোহিনূর আলম। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আহতদের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি। কোহিনূর আলম জানান, দুপুর ১২টা দিকে বিএসএফ এর সহযোগিতায় বিরোধপূর্ণ ডিবির হাওরে ৫০/৬০ ভারতীয় নাগরিকরা মাছ ধরতে আসে। এ সময় বিডিআর ও স্থানীয় লোকজন তাদের বাধা দেয়। এতে তারা প্রথম দফায় ফিরে গেলেও পরে এসে বাংলাদেশিদের লক্ষ্য করে পাথর ছোড়ে। এরপর দুপুর আড়াইটার দিকে বিএসএফ বাংলাদেশিদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আহত হয় কমপক্ষে আট জন। এ সময় বিডিআরও পাল্টা গুলি করে। বিকাল সোয়া ৪টায় দুপক্ষের মধ্যে থেমে থেমে গোলাগুলি হচ্ছিল বলে জানান বিডিআর কর্মকর্তা। এর আগেও জৈন্তাপুর সীামন্তের ডিবির হাওরে মাছ ধরাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। বিএসএফ'র গুলিতে তিন বাংলাদেশি জখমও হয়। এর পরিপ্রেক্ষিতে বিডিআর মহাপরিচালক জৈন্তাপুর সীমান্ত পরিদর্শন করেন। শনিবার জেলার গোয়াইনঘাট উপজেলার পাদুয়া সীমান্তে বাংলাদেশের ভেতরে পরিখা খনন করে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ)। পরে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) প্রতিবাদ করলে তারা ওই স্থান ছেড়ে চলে যায়। এ ঘটনায় প্রতাপপুর সীমান্তের নো ম্যানস ল্যান্ডে বিডিআর ও বিএসএফ'র মধ্যে পতাকা বৈঠক হয়। সীমান্তে সহযোগিতার অঙ্গীকারের মধ্য দিয়ে বৃহস্পতিবার নয়া দিল্লিতে চারদিনের বিডিআর-বিএসএফ সম্মেলন শেষ হয়। মহাপরিচালক পর্যায়ে দুই বাহিনীর মধ্যে এ বৈঠকে সীমান্ত যখন-তখন বিএসএফ'র গুলি, নিরপরাধ বাংলাদেশিদের নিহত হওয়ার বিষয়ে আলোচনা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৪২ ঘ.