ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ থেকে পাচার হওয়া 'কিছু' অর্থের খোঁজ যুক্তরাষ্ট্র সরকার পেয়েছে। সে দেশ থেকে ফিরে এ তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান।
রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। তবে কী পরিমাণ অর্থের সন্ধান পাওয়া গেছে, সে বিষয়ে কিছু বলতে রাজি হননি গভর্নর।
"আইনমন্ত্রী সেখানে রয়েছেন, তার সঙ্গে আলোচনা চলছে", বলেন তিনি।
আইনমন্ত্রী শফিক আহমেদ, গভর্নর আতিউর রহমান ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে যান। গভর্নর ফিরলেও আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল এখনো সেখানে রয়েছেন।
বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরতে তত্ত্বাবধায়ক সরকারের সময় এক দফা উদ্যোগ নেওয়া হয়। তবে তাতে সাফল্য আসেনি। বর্তমান সরকারও সে তৎপরতা অব্যাহত রেখেছে।
বিএনপি চেয়ারপারসনের ছেলে তারেক রহমানের বন্ধু গিয়াসউদ্দিন আল মামুন এবং তারেকের ভাই আরাফাত রহমানের কোকোর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। এ নিয়ে মামলাও রয়েছে।
যুক্তরাষ্ট্র সফরের সময় আন্তর্জাতিক অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা- এগমন্ট গ্র"পের সদস্য হওয়ার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান গভর্নর।
তিনি বলেন, "আমরা আশা করছি আগামী বছরের মধ্যেই এগমন্ট গ্র"পের সদস্য হতে পারবো।"
আতিউর বলেন, এগমন্টের সদস্য হলে অর্থ পাচার বিষয়ে তাদের তথ্যভাণ্ডারে বাংলাদেশ প্রবেশাধিকার পাবে এবং 'টেররিস্ট ফাইনান্সিং'-এর বিষয়ে তারা তথ্য দিয়ে সহায়তা করতে পারবে।
এগমন্ট গ্র"পের সদস্য হওয়ার জন্য এর আগে আর্থিক গোয়েন্দা ইউনিট গঠন ও একটি নীতিমালা করেছে কেন্দ্রীয় ব্যাংক।
বর্তমানে ১১৭টি দেশ এগমন্টের সদস্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৫০০ ঘ.
bdnews24