২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেট্রোল পাম্পে অনির্দিষ্টকাল ধর্মঘটের হুমকি

ছয় ঘণ্টার কর্মসূচির পর এবার অনির্দিষ্টকাল ধর্মঘটের হুমকি দিয়েছে পেট্রোল পাম্প মালিক-শ্রমিকরা। জ্বালানি তেল বিক্রির কমিশন বাড়ানোসহ তাদের দাবি পূরণে সরকারকে ১০ এপ্রিল পর্যন্ত সময় দিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2010, 04:24 AM

Updated : 24 Aug 2022, 07:33 PM

ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছয় ঘণ্টার কর্মসূচির পর দাবি পূরণের জন্য আগামী ১০ এপ্রিল পর্যন্ত সরকারকে সময় বেঁধে দিয়েছে পেট্রোল পাম্প ও ট্যাংক লরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। পরিষদের আহ্বায়ক মোহাম্মদ নাজমুল হক রোববার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে অনির্দিষ্টকাল ধর্মঘটের ডাক দেওয়া হবে।" জ্বালানি তেল বিক্রির কমিশন বাড়ানোসহ ১৩ দফা দাবিতে রোববার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারাদেশে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল বিক্রি বন্ধ রাখে তারা। এ সময়ে চলেনি তেলবাহী ট্যাংক লরিও। তবে সিএনজি স্টেশনগুলোতে গ্যাস বিক্রি চলে। পেট্রোল পাম্পগুলোর সিএনজি ইউনিটও ছিলো সচল। দুপুর ১২টার পর থেকে পাম্পগুলোতে তেল বিক্রিও শুরু হয়েছে। নাজমুল বলেন, "বেঁধে দেওয়া সময়ের মধ্যে আমরা দাবি নিয়ে সরকারের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। তা না হলে অনির্দিষ্টকালের ধর্মঘটের কোনো বিকল্প নেই।" তিনি জানান, তাদের কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে সারাদেশে প্রায় ৯ হাজার পেট্রোল পাম্পে তেল বিক্রি ছয় ঘণ্টা বন্ধ ছিলো। পেট্রোল পাম্প মালিক-শ্রমিকরা তেল বিক্রির কমিশন ২ শতাংশ থেকে ৭ শতাংশ করার দাবি করছে। তাদের অন্য দাবির মধ্যে রয়েছে- পেট্রোল পাম্প স্থাপনে নীতিমালা প্রণয়ন, তেলে মাপ কারচুপি রোধে তেল কোম্পানি, বিএসটিআই ও অ্যাসোসিয়েশনের প্রতিনিধি সমন্বয়ে মনিটরিং সেল গঠন, প্রত্যেক ডিপোতে টেস্টিং ল্যাবরেটরি স্থাপন, ট্যাংক লরির ভাড়া বৃদ্ধি, ৫ লাখ টাকার দুর্ঘটনা বীমা চালু, ডিপো সংলগ্ন স্থানে লরি টার্মিনাল-বিশ্রামাগার নির্মাণ এবং লরির কাগজপত্র পরীক্ষার নামে পুলিশি 'হয়রানি' বন্ধ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এআরআর/এমআই/১২৫৫ ঘ.