ঝিনাইদহ, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার খর্দরায় গ্রামে শনিবার দুপুরে অন্তত ষাট বিঘা জমির পান বরজ পুড়ে গেছে।
পরে দমকলের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আঞ্জুমান আরা বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে আগুন ধরে পুরো মাঠের পান বরজে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কোটচাঁদপুর, ঝিনাইদহ ও যশোর দমকলের পাঁচটি গাড়ি এসে আগুন নেভানো শুরু করে। দুপুর আড়াই টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনে ৫০ জনের বেশি পান চাষীর অন্তত আড়াই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
ক্ষতিগ্রস্ত চাষী ভানু মল্লিক, অমল সেন ও নিমাই সেন বলেন, তারা গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিয়ে পান চাষ করেছিলেন। এখন পথে বসতে হবে।
স্থানীয় সংসদ সদস্য আব্দুল মান্নান, জেলা প্রশাসক রমা রানী রায় ও পুলিশ সুপারিনটেনডেন্ট মো. রেজাউল করিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জেলা প্রশাসক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বারবার একই গ্রামে আগুন লেগে পান বরজ পুড়ে যাওয়ার ঘটনা উদ্বেগজনক। বিষয়টার তদন্ত করা হবে।
আগামী বুধবার এ ঘটনায় এলাকায় স্থানীয় সংসদ সদস্য ও রাজনীতিবিদদের সঙ্গে পানচাষীদের একটি বৈঠক ডাকা হয়েছে বলেও জেলা প্রশাসক জানান।
গত ১৩ ফেব্র"য়ারি রাতে একই গ্রামের ১১ বিঘা এবং ১০ মার্চ (বুধবার) দুপুরে সাত বিঘা জমির পান বরজ পুড়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১৬ ঘ.
bdnews24