২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড়ে সড়ক ও নৌপথ অবরোধ বৃহস্পতিবার

আগামী বৃহস্পতিবার তিন পার্বত্য জেলায় সড়ক ও নৌপথ অবরোধ ডেকেছে পার্বত্য সম অধিকার আন্দোলন ও বাঙালি ছাত্র পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2010, 01:21 PM

Updated : 24 Aug 2022, 07:30 PM

রাঙামাটি, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী বৃহস্পতিবার তিন পার্বত্য জেলায় সড়ক ও নৌপথ অবরোধ ডেকেছে পার্বত্য সম অধিকার আন্দোলন ও বাঙালি ছাত্র পরিষদ। খাগড়াছড়ি জেলা বিএনপি সভাপতি আব্দুল ওয়াদুদ ভূঁইয়াকে হয়রানির প্রতিবাদে এবং বাঙালি ছাত্র পরিষদের সাবেক সভাপতি ইয়াকুব আলীসহ খাগড়াছড়ি ও বাঘাইহাট ঘটনায় আটক বাঙালিদের মুক্তির দাবিতে এ কর্মসূচি দেওয়া হয়। শনিবার দুপুরে রাঙামাটি রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পার্বত্য সম অধিকার আন্দোলন, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ ও পার্বত্য গণ পরিষদ নেতারা কর্মসূচি ঘোষণা করেন। এ ছাড়া সংবাদ সম্মেলনে তিনদিনের কর্মসূচিও দেওয়া হয়। এর মধ্যে রয়েছে, ১৫ মার্চ তিন পার্বত্য জেলার প্রতিটি উপজেলায় গণসংযোগ, ১৬ মার্চ বিক্ষোভ সমাবেশ ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান এবং ১৯ মার্চ ঢাকায় জাতীয় নেতৃবৃন্দের সঙ্গে গোল টেবিল বৈঠক। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের জেলা সভাপতি মো. শাহজাহান। এ ছাড়া বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম সম অধিকার আন্দোলনের জেলা সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কামাল, যুগ্ম সম্পাদক মো. ইউনুচ, গণপরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান জালাল উদ্দিন আহমেদ চৌধুরী আলমগীর প্রমুখ। সংবাদ সম্মেলনে তারা বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পার্বত্য চট্টগ্রাম আবারও অস্থিতিশীল হয়ে উঠেছে। বিশেষ করে পার্বত্য চুক্তি বাস্তবায়নের ঘোষণা এবং পার্বত্যাঞ্চল থেকে সেনাবাহিনী প্রত্যাহারে সন্ত্রাসীদের বেপরোয়া খুন, অপহরণ, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপ মারাত্মকভাবে বেড়ে গেছে। রাঙ্গামাটি ও খাগড়াছড়ির ঘটনায় পার্বত্য বাঙালি নেতাদের হয়রানিমূলক মামলায় গ্রেপ্তারের কারণে তারা আতংকে দিন কাটাচ্ছেন বলেও দাবি করা হয়। তাদের দাবি না মানলে আরো কঠোর কর্মসূচিসহ দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়। গত ১৯ ও ২০ ফেব্র"য়ারি রাঙামাটির বাঘাইছড়ির বাঘাইহাটে পাহাড়ি-বাঙালি সংঘর্ষে দুইজন নিহত হয়। এ ঘটনার জেরে গত ২৩ ফেব্র"য়ারি খাগড়াছড়িতে পাহাড়ি-বাঙালি সংঘর্ষে নিহত হয় আরো একজন। গত বৃহস্পতিবার কুমিল্লা থেকে ইয়াকুব আলীকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯১৫ ঘ.