২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আধুনিক নগর ভবন হচ্ছে চট্টগ্রামে

আধুনিক সুবিধা ও নান্দনিক সৌন্দর্য নিয়ে ২২ তলা বিশিষ্ট নতুন নগর ভবন হচ্ছে বন্দর নগরী চট্টগ্রামে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2010, 05:07 AM

Updated : 24 Aug 2022, 07:29 PM

চট্টগ্রাম, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আধুনিক সুবিধা ও নান্দনিক সৌন্দর্য নিয়ে ২২ তলা বিশিষ্ট নতুন নগর ভবন হচ্ছে বন্দর নগরী চট্টগ্রামে। নগরীর আন্দরকিল্লা মোড়ে বৃহস্পতিবার নতুন ভবনের ভিত্তি স্থাপন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। সিটি কর্পোরেশনের বর্তমান ভবনের পাশেই প্রায় ৪৯ কোটি টাকা ব্যয়ে নতুন ভবনটি নির্মাণ হবে। ভিত্তিস্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জানানো হয়, ১৪ কাঠার ওপর নির্মিতব্য এ ভবনে তিনটি তলা থাকবে গাড়ি রাখার জন্য। এছাড়াও থাকবে রেস্তোরাঁ, মিলনায়তন, ব্যাংক ও বাণিজ্যিক প্রতিষ্ঠান। ছাদে থাকবে হেলিপ্যাড, যেখানে হেলিকপ্টার নামানো যাবে। স্বয়ংক্রিয় অগ্নিনির্বাপণ ব্যবস্থাও থাকবে ভবনে। মহিউদ্দিন চৌধুরী বলেন, "সিটি গভর্নমেন্ট বাস্তবায়নের যে স্বপ্ন এতদিন লালন করেছিলাম নগর ভবনের ভিত্তি স্থাপনের মধ্য দিয়ে সে স্বপ্নের বীজ বপন করা হলো।" "এ ভবন নান্দনিক স্থাপত্যের নিদর্শন হয়ে থাকবে", বলেন তিনি। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান, অতিরিক্ত উপমহা পুলিশ পরিদর্শক মকবুল হোসেন ভূঁইয়া, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুস ছালাম, পুলিশ সুপার জেডএম মোর্শেদ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১১০০ ঘ.