ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়েছে বৃহস্পতিবার।
সরকারি ও বিরোধী দলের দুশ ৩৩ জন সংসদ সদস্য ৪০ ঘণ্টার বেশি সময় ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা করেন।
স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর সমাপনী বক্তব্যের পর ধন্যবাদ প্রস্তাবটি সংসদে কণ্ঠভোটে পাস হয়।
প্রধানমন্ত্রী এক ঘণ্টা বক্তব্য রাখেন।
গত ৪ জানুয়ারি রাষ্ট্রপতি জিল্লুর রহমান সংসদে ভাষণ দেওয়ার পর এই ধন্যবাদ প্রস্তাবটি উত্থাপন করেন প্রধান হুইপ আব্দুস শহীদ। বছরের প্রথম অধিবেশনে সংসদের রীতি অনুযায়ী রাষ্ট্রপতি ভাষণ দিয়ে থাকেন।
বৃহস্পতিবার রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার শেষ দিনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, বিরোধী দলের জ্যেষ্ঠ সাংসদ জমির উদ্দিন সরকার, সংসদের প্রধান হুইপ আব্দুস শহীদ ও বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, আওয়ামী লীগের উপদেষ্টা সুরঞ্জিত সেন গুপ্ত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বক্তব্য রাখেন।
সংসদের চতুর্থ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর বৃহস্পতিবার শেষ দিনে বিকালে বিএনপি দলীয় সাংসদ জমির উদ্দিন সরকারের বক্তব্যের আগে স্পিকার সংসদকে জানান, এ পর্যন্ত ক্ষমতাসীন মহাজোটের দুশ দুই জন ৩৪ ঘণ্টা ১৬ মিনিট এবং বিরোধী দলের ৩১ জন সংসদ সদস্য ছয় ঘন্টা ৩০ মিনিট বক্তব্য রেখেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএম/পিডি/২০৩৯ ঘ.
bdnews24