ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চারদিন চলার পর বরিশালের ১৮ রুটের লঞ্চ ধর্মঘট বৃহস্পতিবার প্রত্যাহার করেছে শ্রমিকরা।
মালিক পক্ষের তিন লঞ্চকর্মীকে কর্মচ্যুত করার সিদ্ধান্ত কার্যকর না করার প্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করে নৌশ্রমিকরা।
নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে মালিক ও শ্রমিকদের নিয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত এক ত্রি-পক্ষীয় সভায় ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।
বৃহস্পতিবার বিকেল থেকেই রুটগুলোতে আবারো লঞ্চ চলাচল শুরু হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন নৌ-যান শ্রমিক ফেডারেশনের উর্ধ্বতন সহ-সভাপতি শাহ আলম।
কর্মচ্যুত তিনজনের মধ্যে বরিশালের এমভি চন্দ্রদ্বীপের মাস্টার নজরুল ইসলামকে তিন দিন পরে কাজে যোগ দিতে বলা হয়েছে। বাকিরা বৃহস্পতিবার থেকেই কাজে যোগ দেওয়ার সুযোগ পাবেন।
সভার পর নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মালিক ও শ্রমিকদের মধ্যে একটি ছোট ঘটনাকে কেন্দ্র করে কোন নোটিশ ছাড়াই শ্রমিকরা এ ধর্মঘট আহ্বান করে। ত্রিপক্ষীয় সভায় উভয় পক্ষের মধ্যে সমঝোতার ভিত্তিতে এ ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে।
তিনি জানান, মাস্টার নজরুল ইসলামকে তিনদিন পরে কাজে যোগ দিতে বলা হয়েছে। তবে মালিকদের সন্তুষ্টি সাপেক্ষে তাকে ওই প্রতিষ্ঠানে কাজ করতে হবে। এক্ষেত্রে তাকে বাদ দিতে হলে মালিক পক্ষকে শ্রমিক আইন অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
সভায় নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শামসুল হক চৌধুরী, মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব আব্দুল কুদ্দুস, অভ্যন্তরীণ নৌ-পরিবহণ (যাপ) সংস্থার সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ, সহ-সভাপতি বদিউজ্জামান বাদল প্রমুখ উপস্থিত ছিলেন।
বরিশালে চরমোনাই পীরের অনুসারীদের একটি অনুষ্ঠানের যাত্রী পরিবহন নিয়ে পীরের ভক্তদের সঙ্গে শ্রমিকদের কথা কাটাকাটি হয় গত ৬ মার্চ রাতে। এ নিয়ে মালিক পক্ষের কাছে নালিশ দেয় পীরের ভক্তরা। কয়েক দফায় শালিসে সমাধানে ব্যর্থ হয়ে মালিক পক্ষ মাস্টার নজরুলসহ তিনজনকে কর্মচ্যুত করে।
এ নিয়ে গত ৭ মার্চ থেকে কোন নোটিশ ছাড়াই লঞ্চ ধর্মঘটে যায় লঞ্চ শ্রমিকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/১৯৩১ ঘ.
bdnews24