দিনাজপুর, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুর বড়পুকুরিয়া কয়লাখনি এলাকার ক্ষতিগ্রস্ত জমি অধিগ্রহণ করে ক্ষতিপূরণ ও স্থায়ী পুনর্বাসনের দাবিতে বুধবার থেকে আমরণ অনশন শুরু করেছে স্থানীয়রা।
তারা বলেছে, খনি কর্তৃপক্ষ বার বার সময় দিয়েও ক্ষতিপূরণ ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করছে না।
'জীবন ও সম্পদ রক্ষা কমিটি'র ব্যানারে প্রায় এক হাজার মানুষ মাথায় কাফনের কাপড় বেঁধে বুধবার দুপুর ১২টা থেকে খনির প্রধান ফটকে কর্মসূচি শুরু করে।
খনি এলাকার বাসিন্দা লায়েবউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খনিতে কয়লা উত্তোলনের কারণে এলাকার সব ঘর-বাড়ি ভেঙ্গে পড়ছে, জমির মাটি ফেটে যাচ্ছে।
"আমরা এমনিতেই মরে আছি। অনশন করে মরলে যদি ক্ষতিপূরণ পাওয়া যায় তাহলে আমাদের পরিবার বেঁচে যাবে", কর্মসূচির যৌক্তিকতা ব্যাখ্যা করে বলেন তিনি।
মশিউর রহমান বুলবুল, বেলাল উদ্দিন, মুক্তিযোদ্ধা মোকছেদ জানান, খনি কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের সঙ্গে 'ধোকাবাজি' শুরু করেছে। তাদের কথা ও কাজে কোনো মিল নেই। সমঝোতার কথা বলে মানুষজনদের ডেকে নিয়ে এসে বারবার তারা একই কথা বলছেন।
তারা জানান, পেট্রোবাংলার উর্ধ্বতন কর্মকর্তারা গত বছরের ১৫ মে ক্ষতিগ্রস্তদের সঙ্গে বৈঠক করে ১০ দফার ভিত্তিতে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছিলেন। তারা ডিসেম্বর মাসের মধ্যে সব দাবি পূরণের আশ্বাস দেন।
এরপর গত ১৭ জানুয়ারি পেট্রোবাংলার চেয়ারম্যান স্থানীয়দের সঙ্গে বৈঠক করে একমাস সময় নিয়েছিলেন। পরে আবার ১৯ ফেব্র"য়ারির বৈঠকে চলতি বছর জুলাই পর্যন্ত সময় চেয়েছেন।
'জীবন ও সম্পদ রক্ষা কমিটি'র আহবায়ক ইব্রাহিম খলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জমি অধিগ্রহণ করে স্থায়ী পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন চলবে।
এ ব্যাপারে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (মাইনিং) মীর আবদুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এলাকাবাসীর সমস্যা সমাধানের বিষয়টি এখন আমাদের হাতে আর নেই।
"ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন, জমি অধিগ্রহণসহ বিভিন্ন খাতের জন্য সাড়ে তিনশ' কোটি টাকার একটি প্রস্তাব সরকারের কাছে দেওয়া হয়েছে। এখন সরকারের সিদ্ধান্তের পালা।"
বিষয়টি নিয়ে আগামীকাল বৃহস্পতিবার ঢাকায় আন্তমন্ত্রণালয়ের বৈঠক হবে বলে তিনি জানিয়েছেন।
অনশনস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে শান্তিপূর্ণভাবে কর্মসূচি চলছে।
খনি এলাকায় কর্তব্যরত সিনিয়র সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট সঞ্জিত কুমার জানান, শান্তিপূর্ণ অনশন কর্মসূচি চললেও অপ্রীতিকর ঘটনা এড়াতে দুই প্লাটুন রিজার্ভ পুলিশসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/এমএসবি/২২১৪ ঘ.
bdnews24