ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়াউর রহমানের লাশ নিয়ে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের বক্তব্যের প্রতিবাদে বুধবার সংসদ অধিবেশন থেকে বেরিয়ে গিয়েছিল বিরোধী দল।
তবে ৫ মিনিট পরই তারা অধিবেশনে ফিরে আসেন।
জাতীয় সংসদের বুধবারের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনার সময় সন্ধ্যা ৭টা ৫ মিনিটে বিরোধী দলীয় সাংসদরা সংসদ থেকে ওয়াক আউট করেন।
মাগরিবের নামাজের বিরতির পর রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপন করতে গিয়ে এক পর্যায়ে শাজাহান খান বলেন, "আমি লাশ নিয়ে কোনো কথা বলতে চাই না। তারপরও লাশ নিয়ে যখন কথা উঠেছেই তখন আমি বিরোধী দলীয় বন্ধুদের বলবো- আসুন আমরা পরীক্ষা করে দেখি। তাহলে আপনারা শেখ সেলিমের বক্তব্যকে মিথ্যা বলতে পারবেন।"
তার এই বক্তব্যের সঙ্গে সঙ্গে বিরোধী দলীয় সাংসদরা প্রতিবাদ করেন। তারা ডেপুটি স্পিকার শওকত আলীর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে একযোগে উচ্চস্বরে হৈচৈ শুরু করেন।
শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, রেহানা আক্তার রানু লবি থেকে অধিবেশন কক্ষের প্রবেশমুখে দাঁড়িয়ে বক্তব্য দিতে থাকেন।
এরপর বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবেদীন ফারুক সবাইকে অধিবেশন কক্ষের বাইরে নিয়ে যান। অবশ্য ৫ মিনিট পরই বিরোধী দলীয় সদস্যরা অধিবেশন কক্ষে ফিরে আসেন।
এ সময় ডেপুটি স্পিকার তাদের উদ্দেশে বলেন, "আপনারা কেন চলে গেলেন, বুঝতে পারিনি। মাননীয় মন্ত্রী কোনো অসংসদীয় শব্দ ব্যবহার করলে তা পরীক্ষা করে দেখা হবে এবং ব্যবস্থা নেওয়া হবে।"
চলতি অধিবেশনেই আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, জিয়াউর রহমানের কবরে তার লাশ নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২০১২
bdnews24