২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আহত ছেলের মৃত্যুর খবরে মারা গেলেন বাবাও

গাজীপুরে সন্ত্রাসীদের হামলায় আহত ছেলে মারা গেছেন শুনে ছেলের বাবা মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2010, 02:00 PM

Updated : 24 Aug 2022, 07:25 PM

গাজীপুর, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে সন্ত্রাসীদের হামলায় আহত ছেলে মারা গেছেন শুনে ছেলের বাবা মারা গেছেন। গাজীপুর সদরের হায়দরাবাদ এলাকায় মঙ্গলবার রাতে সন্ত্রাসী হামলায় আহত ছেলে অহিদুল্যাহ (৩৫) হাসপাতালে মাার গেছেন শুনে সে রাতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বাবা মফিজ উদ্দিন (৭০)। মঙ্গলবার রাতে সাড়ে ১০টার দিকে সন্ত্রাসী হামলায় আহত অহিদুল্ল্যাহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩টার দিকে মারা যান। এর আগেই তিনি মারা গেছেন শুনে রাত ১২টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মফিজ। দুজনের মৃত্যুর বিষয়টি জয়দেবপুর থানার পুবাইল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. আব্দুল করিম স্বীকার করেছেন। তিনি জানান, বুধবার সকাল ১০টার দিকে মফিজের দাফন হয়েছে। অহিদের লাশ ময়নাতদন্ত শেষে বুধবার বিকেলে তাদের বাড়িতে নেওয়া হয়। বুধবার সকাল ১১টার দিকে গাজীপুর সদর সার্কেলের সহকারি পুলিশ সুপার মো. আক্তারুজ্জামান ও জয়দেবপুর থানার ওসি আব্দুর রশিদ ঘটনাস্থলে যান। আব্দুর রশিদ এলাকাবাসির উদ্ধৃতি দিয়ে জানান, মাদক ব্যবসার জেরে অহিদ নিহত হয়ে থাকতে পারে। তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। এ ঘটনায় জয়দেবপুর থানায় মামলা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/১৯৪৯ ঘ.