ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি'র দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হয়েছে বুধবার।
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বুধবার টাঙ্গাইল জেলার মির্জাপুরের সভুল্লায় কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের কাজের উদ্বোধন করেন।
এর মধ্য দিয়ে সারা দেশে কর্মসূচি শুরু হলো। দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থান এবং চালসহ খাদ্য সামগ্রীর বাজার নিয়ন্ত্রণে এ কর্মসূচি হাতে নিয়েছে সরকার।
অনেক এলাকায় প্রকল্প প্রণয়নে দেরি হওয়ায় কর্মসূচি শুরু হতে দেরি হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রাজ্জাক বলেন, "এ পর্যায়ে সারা দেশে ৬০০ কোটি টাকা ব্যয়ে ১২ লাখ ৫০ হাজার লোকের কর্মসংস্থান করা হচ্ছে। আগামী ৪০ দিনের মধ্যে এ কাজ শেষ করা হবে।"
দ্বিতীয় পর্যায়ের কাজে একজন শ্রমিক দৈনিক ১২০ টাকা করে মজুরি পাবে বলে জানান মন্ত্রী।
তিনি বলেন, বোরো মৌসুম শুরুর আগে সারাদেশে অনেক লোক বেকার থাকে এবং অভাব-অনটনে দিন কাটায়। এ মৌসূমী বেকারদের এ কর্মসূচিতে কাজের সুযোগ সৃষ্টি করা হচ্ছে।
এসব প্রকল্পের কাজে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে আব্দুর রাজ্জাক বলেন, "এ কর্মসূচিতে অনিয়ম-দুর্নীতি ঠেকাতে কাজের পরিমাণ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এতে বেকার লোকদের কাজের সুযোগ সৃষ্টির পাশাপাশি গ্রামীণ অবকাঠামোসহ বিভিন্ন উন্নয়ন হবে।"
ঢাকার বিভাগীয় কমিশনার ড. খন্দকার শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ একাব্বর হোসেন ও উপজেলা চেয়ারম্যান মীর এনায়েত হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/১৯২৫ ঘ.
bdnews24