ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বুধবার সকালে ভাগ্নের স্ত্রীর লাশ দেখতে গুলশান গেছেন।
খালেদার বোনের ছেলে শাহরিয়ার ইসলাম তুহিনের স্ত্রী আয়শা ইসলাম কলি সোমবার দুবাইয়ে মারা যান। বুধবার তার লাশ ঢাকায় আনা হয়।
সকাল সাড়ে ৮টায় লাশ আনার পর গুলশানে তুহিনের বাড়িতে কফিন রাখা হয়। সেখানেই যান খালেদা জিয়া; তুহিনের মা সৈয়দা সেলিমা ইসলামও ওই বাড়িতে ছিলেন।
খালেদার সঙ্গে ছিলেন বিএনপির সহসভাপতি সেলিমা রহমান, সংসদ সদস্য আসিফা আশরাফি পাপিয়া প্রমুখ।
বাদ আসর গুলশান আজাদ মসজিদে জানাজার পর কলিকে বনানী কবরস্তানে দাফন করা হবে বলেও স্বজনরা জানিয়েছেন।
কলি এক মাস দুবাই সিটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার বয়স হয়েছিলো ৩৮ বছর।
কলি ও তুহিন দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৩১০ ঘ.
bdnews24