২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর বাস মালিকদের ধর্মঘট প্রত্যাহার

মালিকরা ধর্মঘট প্রত্যাহার করায় বুধবার দুপুর থেকে রাজধানীতে কাউন্টারভিত্তিক বাস চলাচল আবার শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2010, 06:25 AM

Updated : 24 Aug 2022, 07:26 PM

ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মালিকরা ধর্মঘট প্রত্যাহার করায় বুধবার দুপুর থেকে রাজধানীতে কাউন্টারভিত্তিক বাস চলাচল আবার শুরু হয়েছে। চাঁদাবাজির প্রতিবাদে মঙ্গলবার বিকালে আকস্মিকভাবে বেশ কয়েকটি বাস কোম্পানির মালিক ধর্মঘট ডাকলে নগরবাসীকে বেশ দুর্ভোগে পড়তে হয়। যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন ধর্মঘট আহ্বানকারী স্বকল্প পরিবহন প্রাইভেট লিমিটেডের পরিচালক (প্রশাসন) মো. শাহদাত হোসেন। মঙ্গলবার বিকালে ফার্মগেটে স্বকল্প কার্যালয়ে বৈঠকেই ধর্মঘটের সিদ্ধান্ত হয়। শাহদাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকালে সংসদীয় কমিটির সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। কমিটির সভাপতি শেখ মুজিবুর রহমান চাঁদাবাজি বন্ধে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। তাই আমরা ধর্মঘট প্রত্যাহার করেছি।" দুপুর ১২টা থেকে বিভিন্ন রুটে কাউন্টারভিত্তিক বাসগুলো চলাচল শুরু করেছে বলে তিনি জানান। দুপুর সোয়া ১২টায় শ্যাওড়াপাড়ায় স্বকল্প বাসের কাউন্টার খুলতে দেখা যায় প্রতিষ্ঠানের কর্মী নুরুল হুদাকে। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মালিক পক্ষ কাউন্টার বন্ধ করার নির্দেশ দিলে গতকাল (মঙ্গলবার) আমরা তা পালন করি। একটু আগে আবার ফোন করে আমাদের কাউন্টার খুলতে বলেছে।" ধর্মগটের কারণে সকাল থেকে কাউন্টারভিত্তিক অধিকাংশ বাস চলেনি। ফলে লোকাল বাসগুলোতেই যাতায়াত করতে হয়েছে রাজধানীবাসীকে। চাহিদার তুলনায় বাস কম থাকায় দুর্ভোগও পোহাতে হয়। বাসের পথ অনেককে রিকশায়ও পাড়ি দিতে দেখা যায়। বাস মালিকদের অভিযোগ, চাঁদার দাবিতে মঙ্গলবার মিরপুর শতাব্দি পরিবহনের পরিচালককে লাঞ্ছিত করা হয়। চাঁদাবাজির জন্য নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের সমর্থনপুষ্ট শ্রমিক সংগঠনকে দায়ী করছে বাস মালিকরা। তবে মন্ত্রী সে অভিযোগ অস্বীকার করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/১২১৫ ঘ.