হবিগঞ্জ, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ওপর গ্রেনেড হামলার অভিযোগে গ্রেপ্তার হরকাতুল জিহাদের (হুজি) এক জঙ্গিকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার আবেদন করেছে পুলিশ।
মঙ্গলবার মিজানুর রহমান মিঠু (২৪) নামের ওই জঙ্গিকে হবিগঞ্জের একটি বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করে ১০ দিন হেফাজতে নেওয়ার আবেদন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বিচারক সামসুল ইসলাম এ ব্যাপারে আদেশের জন্য বুধবার শুনানির দিন ধার্য করেন বলে জানান সিআইডির সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট রফিকুল ইসলাস।
তিনি আরো বলেন, একই আদালতে সিআইডি এ মামলার অপর আসামি সাবেক স্মরাাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকেও ১০ দিনের হেফাজতে নেওয়ার আবেদন করে।
আদালত আগামী রোববার বাবরের উপস্থিতিতে ওই রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করেন। বাবর এখন কারাগারে আটক আছেন।
গত রোববার গভীর রাতে র্যাব হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আলীপুর গ্রাম থেকে মিজানকে আটক করে কিবরিয়া হত্যা মামলায় গ্রেপ্তরি দেখানো হয়। পরদিন সন্ধ্যায় তাকে হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করে। রাতে সিআইডি হবিগঞ্জ কার্যালয়ে নিয়ে তাকে ব্যাপক জ্ঞিসাবাদ করে।
মিজান হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সেকান্দরপুর গ্রামের গোলাম মোস্তফা ওরফে উস্তার মিয়ার ছেলে।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে গ্রেনেড হামলায় শাহ এএসএম কিবরিয়াসহ পাঁচজন নিহত হন।
এ ঘটনায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ খান বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় পৃথক দু'টি মামলা করেন।
অভিযোগপত্রে মামলার নারাজির পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতের নির্দেশে সিআইডি মামলাটি পুনতদন্ত করছে।
তদন্তকালে হরকাতুল জিহাদ প্রধান মুফতি হান্নানসহ গ্রেপ্তার জঙ্গি বদরুল আলম মিজানের জবানবন্দি থেকে হামলাকারী হিসেবে মিজানুর রহমান মিঠুর নাম পাওয়া যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫৭ ঘ.
bdnews24