সিরাজগঞ্জ, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কোন্দলের জের ধরে সিরাজগঞ্জের কাজীপুুর উপজেলায় ছাত্রলীগের একপক্ষের নেতাকর্মীরা প্রতিপক্ষের ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার দিবাগত রাতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান ওরফে স্বাধীনের নেতৃত্বে একদল নেতাকর্মী রামদা, হকিস্টিক ও লাঠিসোটা নিয়ে সাংগঠনিক সম্পাদক ফিজার, কর্মী তাজু, হিটলার ও সুবাসের বাড়িতে হামলা চালায়। তারা বাড়ির বিভিন্ন ঘরের আসবাব ভাংচুর করে।
এ সময় তারা লুটপাট করে বলেও অভিযোগ পাওয়া গেছে।
তবে স্বাধীন হামলার অভিযোগ অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রতিপক্ষের লোকজন নিজেরাই ঘটনা ঘটিয়ে আমাদেরকে হেয় করার অপচেষ্টা চালাচ্ছে।"
কাজিপুর থানার ওসি মনোজ কুমার রায় বলেন, দলীয় কোন্দলের কারণে একটি গ্র"প প্রতিপক্ষের ঘর-বাড়ি ভাংচুর ও লুটপাট করে।
পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপজেলা সদরের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে ওসি জানান।
স্থানীয়রা জানান, ২০/২৫ দিন আগে এক তরুণীকে উত্যক্ত করার ঘটনায় দুপক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। স্থানীয় আওয়ামী লীগ নেতারা বিষয়টি জানেন।
কাজিপুর থানা আওয়ামী লীগের সভাপতি মো. ইসমাহল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা কেউ কারো কথা শোনে না। বিষয়টি নিয়ে বসার আগেই তারা নতুন করে আবারো দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৪০ ঘ.
bdnews24