২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমদানি করা ১৭২ স্ক্র্যাপ জাহাজের নথি চেয়েছে আদালত

২০০৯ সালের ১৭ মার্চ থেকে এ পর্যন্ত ভাঙার জন্য বিদেশ থেকে আমদানি করা ১৭২টি স্ক্র্যাপ জাহাজের নথি চেয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2010, 01:30 PM

Updated : 24 Aug 2022, 07:22 PM

ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৯ সালের ১৭ মার্চ থেকে এ পর্যন্ত ভাঙার জন্য বিদেশ থেকে আমদানি করা ১৭২টি স্ক্র্যাপ জাহাজের নথি চেয়েছে হাইকোর্ট। হাইকোর্ট ১৭২ জাহাজের অনাপত্তি সনদসহ যাবতীয় নথি ১৮ মার্চের মধ্যে আদালতে জমা দিতে সোমবার সমুদ্র পরিবহন অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে। বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি মো. আবু তারিকের বেঞ্চ এ আদেশ দেয়। আইন অমান্য করে জাহাজ ভাঙায় হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বেঞ্চ। আইন অমান্য করে জাহাজ ভাঙা রোধ করার ক্ষেত্রে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা একই সময়ের মধ্যে জানাতে পরিবেশ ও বন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে আদালত। বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট এ আদেশ দেয়। আদালত বলেছে, জাহাজ ভাঙায় বিধি-বিধান মানা হচ্ছে না। ফলে পরিবেশ ও শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না। আমদানি করা স্ক্র্যাপ জাহাজের ছাড়পত্র, বর্জ্যমুক্ততার সনদ, ঋণপত্রসহ (লেটার অব ক্রেডিট) যাবতীয় কাগজপত্র এই সময়ের মধ্যে আদালতে জমা দিতে বলা হয়েছে সমুদ্র পরিবহন অধিদপ্তরকে। গত ফেব্র"য়ারি মাসে গঠিত উচ্চক্ষমতাসম্পন্ন কমিটিকে জাহাজ ভাঙার স্থান পরিদর্শন ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য ক্ষমতা দিতে পরিবেশ ও বন মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। আদালত আগামী ১৮ মার্চ এ বিষয়ে পরবর্তী আদেশের তারিখ নির্ধারণ করেছে। ২০০৯ সালের ১৭ মার্চ হাইকোর্ট এক রায়ে বলেছিল, বাংলাদেশে প্রবেশের আগে বা যে দেশ থেকে এসেছে সেখানে বর্জ্যমুক্ত না করে কোনো জাহাজ ভাঙার জন্য এদেশে আনা যাবে না। হাইকোর্টের ওই রায়ের পর থেকে এ পর্যন্ত জাহাজ ভাঙায় জড়িত ২৬ জন মারা গেছে বলে বেলার আবেদনে বলা হয়। বেলার পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট ইকবাল কবির লিটন। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম তালুকদার। শিপ ব্রেকারস এসোসিয়েশনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মিজানুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/পিডি/১৯২৩ ঘ.