২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক নারী দিবস সোমবার

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এবার নারী দিবসের এক'শ বছর পূর্তি উৎসব পালিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2010, 07:28 PM

Updated : 24 Aug 2022, 07:19 PM

ঢাকা, মার্চ ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এবার নারী দিবসের এক'শ বছর পূর্তি উৎসব পালিত হবে। এবছর দিবসটির প্রতিপাদ্য 'নারী-পুরুষের সম সুযোগ, সম অধিকার, দিন বদলের অগ্রযাত্রায় উন্নয়নের অঙ্গীকার'। সরকার ১৯৯৭ সালের নারী উন্নয়ন নীতিমালার উপর ভিত্তি করে প্রণীত নীতিমালা কিছুদিনের মধ্যেই ঘোষণা করবে বলে জানা গেছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, এ নীতিমালা অনুমোদনের জন্য শিগগিরই মন্ত্রিসভায় পাঠানো হবে। অনুমোদন হলে তা ঘোষণা করা হবে। জানা যায়, ১৯৯৭ সালের জাতীয় নারী উন্নয়ন নীতির আলোকে করা এ নীতিমালায় নতুন বেশ কিছু প্রস্তাব সংযোজন করা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে দুর্যোগের কবলে আক্রান্ত নারীদের পুনর্বাসন, প্রতিবন্ধী নারীদের উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ প্রভৃতি। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এ উপলক্ষ্যে সোমবার দিনব্যাপী কর্মসূচী গ্রহণ করেছে। এদিন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারী দিবসের শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে প্রধানমন্ত্রী স্মারক ডাকটিকেট অবমুক্ত করবেন। দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে দুপুর আড়াইটায় র‌্যালী ও কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ। শিশু একাডেমী প্রাঙ্গনে নারী উদ্যোক্তাদের পণ্য নিয়ে তিন দিনব্যাপী মেলার উদ্বোধন। ৯ মার্চ নারী জাগরণ, নারী ক্ষমতায়নের শত বছরের পথ পরিক্রমা, শ্রমজীবী নারীর অধিকার, আদিবাসী, সংখ্যালঘু নারীদের অধিকার বিষয়ে আলোচনা সভা। দিনব্যাপী এ আলোচনা সভা বিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হবে। ১০ মার্চ সিডর ও আইলা আক্রান্ত এলাকার নারীদের মধ্যে স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হবে। ৫৮ টি নারী ও সামাজিক সংগঠনের সমন্বয়ে গঠিত সামাজিক প্রতিরোধ কমিটি দিবসটি পালনে বিভিন্ন কর্মসূচী ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে ৮ মার্চ দুপুরে শহীদ মিনারে সমাবেশ, আন্তর্জাতিক নারী দিবসের থিমযুক্ত ব্যানার শহরের গুরুত্বপূর্ণ জায়গায় টানানো হবে, বাংলা একাডেমীতে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। 'সমঅধিকার ও সুযোগ নিয়ে এগিয়ে যাব এক সাথে' এ স্লোগানকে সামনে রেখে সামাজিক প্রতিরোধ কমিটি দিবসটি পালন করবে। এ উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, বিশ্বায়নের এই যুগে নারীসমাজকে বাদ দিয়ে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করা অসম্ভব। তাই এবারের নারী দিবসের প্রতিপাদ্য সময়োপযোগী হয়েছে। তিনি সমাজের সর্বস্তরের জনগণকে নারী অধিকার রক্ষায় একযোগে কাজ করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী তার বাণীতে দারিদ্র্য, সন্ত্রাস ও অশিক্ষামুক্ত বাংলাদেশ গড়তে নারী-পুরুষ সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি নারীর ক্ষমতায়ন, সমঅধিকার প্রতিষ্ঠা এবং জাতীয় উন্নয়নের মূল স্রোতধারায় নারীর অংশগ্রহণ নিশ্চিত করারও আহ্বান জানান। বিরোধী দলীয় নেতা তার বাণীতে বলেন, নারীর ক্ষমতায়ন এবং উন্নয়নের মূল স্রোতধারায় তাদেরকে সম্পৃক্ত করায় নারীদের আত্মবিশ্বাস বেড়েছে। তিনি আর কোনো নারী যেন নির্যাতন-নিপীড়নের শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে সবার প্রতি আহ্বান জানান। ১৮৫৭ সালে যুক্তরাষ্ট্রের একটি সুঁচ কারখানায় নারী শ্রমিকদের মজুরি বৃদ্ধি, শ্রমঘন্টা কমানোর দাবিতে এ আন্দোলনের সূত্রপাত হয়। এরই ধারাবাহিকতায় ১৯১০ সালে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে জার্মানীর নারীনেত্রী ক্লারা জেটকিন আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের প্রস্তাব করেন। এরপর থেকে প্রতিবছর এই দিনে নারীদিবস উদযাপিত হয়ে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এইচএ/০১২০ ঘ.