নাটোর, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ৫৫ লাখ টাকার কাজের দরপত্রের লটারি রোববার স্থগিত করা হয়েছে।
'সরকারি দলের নেতাদের চাপে' এটি করা হয়েছে বলে অভিযোগ করেছেন দরপত্র জমা দেওয়া ঠিকাদাররা।
পাউবো নাটোর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মূসানূরুর রহমান লটারি স্থগিতের বিষয়টি স্বীকার করেছেন। তবে 'চাপের মুখে' স্থগিত হয়েছে কি না জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।
জেলার বিভিন্ন অবকাঠামো নির্মাণে গত ৮ ফেব্র"য়ারি ৫৫ লাখ টাকার কাজের দরপত্র আহ্বান করে পাউবো। এতে নয়টি গ্র"পে মোট ১৩'শ দরপত্র জমা পড়ে বলে পাউবো নাটোর কার্যালয় সূত্রে জানা গেছে।
লটারির নির্ধারিত দিন রোববার দুপুর ১২টা পর্যন্ত ঠিকাদাররা শহরের বড়গাছা মহল্লায় পাউবো কার্যালয়ে অপেক্ষা করেন। এরপর নির্বাহী প্রকৌশলী পদ্ধতিগত সমস্যার কথা বলে লটারি স্থগিত করেন।
এ ঘটনায় ঠিকাদাররা তাৎক্ষণিক ক্ষোভ প্রকাশ করে তার কাছে লটারি স্থগিতের কারণ জানতে চান।
তারা অভিযোগ করেন, লটারি হলে সরকারি দলের পছন্দের লোকজন কাজ না পাওয়ার আশংকায় 'সরকারি দলের নেতাদের চাপে' লটারি স্থগিত করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ঠিকাদার বলেন, দরপত্র আহ্বানের পর থেকে 'সরকারি দলের সন্ত্রাসীরা' আমাদের সিডিউল কিনতে নিষেধ করে। আমরা নিষেধ উপেক্ষা করে দরপত্র কিনেছি। এখন কৌশল করে লটারি বন্ধ করা হচ্ছে।
ঠিকাদাররা অবিলম্বে লটারির নতুন তারিখ ঘোষণার দাবি জানান। তবে তাৎক্ষণিকভাবে নতুন তারিখ ঘোষণা করা হয়নি।
নির্বাহী প্রকৌশলী মূসানূরুর জানান, পদ্ধতিগত কিছু সমস্যার কারণে আজ লটারি হয়নি। খুব শিগগির নতুন তারিখ ঘোষণা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/১৮২৬ ঘ.
bdnews24