ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মামলার নথি দেখাতে 'বকশিশ' দাবি করা নিয়ে রোববার ঢাকার একটি আদালতে একজন পেশকার এক আইনজীবীকে পিটিয়েছেন।
মুখ্য মহানগর হাকিমের আদালতে ঘটনাটি ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শী আইনজীবী মো. জাহাঙ্গীর মিয়া নান্নু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর আড়াইটার দিকে মহানগর হাকিম তানিয়া কামালের আদালতে একজন আইনজীবী তার পরিচালিত একটি মামলার নথি দেখতে চাইলে পেশকার মো. এমদাদ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় পেশকার এমদাদ গালাগাল করতে থাকেন ওই আইনজীবীকে।
এ সময় সিনিয়র আইনজীবী পিযুষ কান্তি রায় ওই আদালতে এলে তার সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে পিযুষকে কিল-ঘুষি মারতে থাকেন এমদাদ। এ সময় খাস কামরায় অবস্থানরত হাকিম তানিয়া কামাল এজলাসে এসে পিযুষকে গ্রেপ্তার করার নির্দেশ দিলে আদালত এলাকায় উপস্থিত আইনজীবীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে হইচই করতে থাকেন।
ঢাকা আইনজীবী সমিতির প্রায় তিনশ' আইনজীবী আদালত কক্ষের দরজা-জানালায় আঘাত করতে থাকে।
খবর পেয়ে ঢাকার জ্যেষ্ঠ হাকিমরাও ঘটনাস্থলে উপস্থিত হন।
এ সময় ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবু জাফর মো. কামরুজ্জামান সেখানে এসে আইনজীবীদের বলেন, এটা কি আইনজীবীদের বার না এজলাস?
এ কথার প্রতিবাদে আইনজীবীরা ওই হাকিমকে আদালত থেকে অপসারণের দাবিতে স্লোগান দেন।
বিষয়টি সুরাহার জন্য ঢাকা আইনজীবী সমিতির নেতাদের সঙ্গে মুখ্য মহানগর হাকিমের আদালতের জ্যেষ্ঠ বিচারকরা আলোচনায় বসেছেন।
একজন হাকিম বলেন, ওই আইনজীবী কোর্ট গাউন পরা না থাকায় হাকিম তানিয়া তাকে চিনতে পারেননি। এ কারণে ঘটনাটি ঘটেছে।
বিচারকরা সাংবাদিকদের বলেন, ওই পেশকারের বিরুদ্ধে যদি অভিযোগ করা হয় তাহলে তারা যথাযথ ব্যবস্থা নেবেন।
আক্রান্ত আইনজীবী পিযুষ লিখিত অভিযোগ করছেন বলে জানিয়েছেন।
পেশকার এমদাদকে খুঁজে পাওয়া যায়নি।
ঘটনার সময় মুখ্য মহানগর এ কে এম এনামুল হক ছুটিতে ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কিউএইচ/জিএনএ/১৮০৯ ঘ.
bdnews24