ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরানিগঞ্জের একটি মসজিদে শনিবার রাতে নামাজ পড়া অবস্থায় একজন খুন হয়েছেন দুর্বৃত্তের ছুরিকাঘাতে।
কেরানিগঞ্জ মডেল থানা এলাকার আলগিরচর জামে মসজিদে এশার নামাজের সময় এই ঘটনা ঘটে।
নিহতের নাম ইয়ার হোসেন (২২)।
মসজিদের ইমাম মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এশার নামাজের সময় ৪/৫ জন মুসল্লি ছিল। ফরজ নামাজের তৃতীয় রাকাতে হঠাৎ মুসল্লিরা চিৎকার করে নামাজ বন্ধ করতে বলেন।
তিনি বলেন, মুসল্লিদের চিৎকারে নামাজ বন্ধ করে পেছনে তাকাতেই দেখা যায় একজন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তার মৃত্যু হয়েছে বলে জানান।
ইয়ার হোসেন নিয়মিত এই মসজিদে নামাজ পড়তেন। পেশায় তিনি কৃষক বলে ইমাম জানান।
কেরানিগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক মো. মাইনুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কে এবং কেন তাকে খুন করল তা এ মুহূর্তে বলা যাচ্ছে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/ডিডি/০০৫০ ঘ.
bdnews24