চট্টগ্রাম, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর ডবলমুরিং থানার পশ্চিম মাদারবাড়ি এলাকা থেকে চার শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন- সাইফুল ইসলাম (২২), মাহফুজুর রহমান (১৮), আবদুল্লাহ আল নোমান (১৯) ও মোহাম্মদ ইব্রাহীম (১৮)।
এদের মধ্যে নোমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বলে জানা গেছে।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে পশ্চিম মাদারবাড়ী এলাকার নূরনাহার ভিলার শিবিরের একটি মেস থেকে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে বেশকিছু জিহাদি বই উদ্ধার করা হয় বলেও পুলিশ জানায়।
ডবলমুরিং থানার ওসি আইনুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১২ ফেব্র"য়ারি নগরীর জামাল খান এলাকায় পুলিশের সঙ্গে ছাত্রশিবির ও জামায়াতে ইসলামীর কর্মীদের সংঘর্ষের ঘটনায় তাদের গ্রেপ্তার দেখানো হবে।
গ্রেপ্তার সবাই শিবিরের মাঝারি পর্যায়ের কর্মী উল্লেখ করে পুলিশ কর্মকর্তা বলেন, সরকারি কমার্স কলেজ সংলগ্ন পশ্চিম মাদারবাড়ী এলাকার নূরনাহার ভিলার ৫ম ও ষষ্ঠ তলায় শিবিরের মেস রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/এইচএ/০১৩২ ঘ.
bdnews24