মঈনুল হক চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গতিপথ ও অবস্থান সনাক্ত করতে বাংলাদেশে প্রথমবারের মতো অতিথি পাখির (পরিযায়ী পাখি) দেহে ব্যয়বহুল 'স্যাটেলাইট ট্রান্সমিটার' জুড়ে দেওয়া শুরু হয়েছে।
এই ইলেকট্রনিক যন্ত্র শুধু অবস্থান সনাক্তেই নয় সংক্রামক রোগ বিস্তারে পাখির ভূমিকা নিরূপণেও সহায়ক হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
বন অধিদপ্তরের বন সংরক্ষক (বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল) তপন কুমার দে জানান, শুক্রবার খয়রা চকাচকি (রাডিশেল ডাক), গিরিয়া হাঁস (গারগেনি) ও পিয়াং হাঁস (গাডওয়াল)-র পিঠে পাঁচ গ্রাম ওজনের তিনটি স্যাটেলাইট ট্রান্সমিটার বসিয়ে দেওয়া হয়।
শনিবার আরো ছয়টি পাখির দেহে ট্রান্সমিটার স্থাপন করে তাদের অবমুক্ত করা হয়েছে।
সমুদ্র উপকূলবর্তী দেশ হওয়ায় এশিয়ান ফ্লাইওয়ে ও পূর্ব এশিয়ান-অস্ট্রেলিয়ান ফ্লাইওয়ের অনেক অতিথি পাখি বাংলাদেশে এসে থাকে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ১৭৬ প্রজাতির পরিযায়ী পাখি দেখা গেছে।
ট্রান্সমিটার স্থাপনের বিষয়টিকে 'অভূতপূর্ব' উল্লেখ করে তপন দে বলেন, "এখন বিশ্বের কোনো দেশে বার্ডফ্লু হলে তা পরিযায়ী পাখির মাধ্যমে দেশে সংক্রমণের আশঙ্কা থাকবে কিনা তা সহজেই জানা যাবে। সেই সঙ্গে অতিথি পাখির রুট ও তাদের ওপর সমীক্ষা চালানোর কাজও সহজতর হবে।"
এই বন সংরক্ষক জানান, পাখির দেহে ট্রান্সমিটার স্থাপনে গড়ে তিন লাখ টাকা করে ব্যয় হচ্ছে। এতে আর্থিক অনুদান দিচ্ছে ইউএস জিওলজিক্যাল সার্ভে, ডব্লিউটিবি নিউইয়র্ক এবং এফএও।
তপন কুমার দে বলেন, "দেড় ইঞ্চি দীর্ঘ, এক ইঞ্চি প্রস্থ ও পাঁচ ইঞ্চি দৈর্ঘ্যরে এন্টেনাসহ ট্রান্সমিটারটি পাখির ওজন মেপে এমনভাবে লাগানো হচ্ছে যেন তা পাখির ওজনের শতকরা তিনভাগের মধ্যে সীমাবদ্ধ থাকে।"
ইউএস জিওলজিক্যাল সার্ভে'র সরবরাহ করা এ ট্রান্সমিটারের ভারে কোনো পাখির মৃত্যু হবে না বলে জানান তিনি।
মৌলভীবাজারের কুলাউড়া ও বড়লেখায় পাখির দেহে স্যাটেলাইট ট্রন্সিমিটার স্থাপনের কাজে সেখানে অবস্থানরত অধ্যাপক আনোয়ারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ডিজিটাল ট্রান্সমিটার স্থাপনের জন্য সবচেয়ে বেশি ভ্রমণ করতে পারে (উত্তরমেরু, মঙ্গোলিয়া, হিমালয় ছাড়িয়ে আসে) এমন হাঁসকে প্রথমে বেছে নিয়েছি আমরা। এতে করে পাখি প্রতিদিন কত উপরে, কোন দিক দিয়ে যাচ্ছে ও কতদিন পথে অবস্থান করে-এসব তথ্য সিগনালের মাধ্যমে পাব।"
তিনি জানান, বন্যপ্রাণী বিশেষ করে অতিথি পাখিকে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বহনের জন্য দায়ী করা হয়ে থাকে। এক্ষেত্রে তারা আদৌ তা বহন করে কিনা-তাও গবেষণা করা হবে। ট্রান্সমিটার ও রিং পরানোর আগে পাখিগুলোর এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস সনাক্তে তাৎক্ষণিকভাবে গবেষণার কাজও চলছে। পরীক্ষা করা হচ্ছে তাদের মল ও রক্ত।
ইতোমধ্যে বিভিন্ন প্রজাতির ৩০টিও বেশি পাখিকে রিং পরিয়ে ও সেয়াব সংগ্রহের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
২০০৩ সাল থেকে এশিয়া, আফ্রিকা ও ইউরোপ মহাদেশে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা মহামারি আকারে ছড়িয়ে পড়ে । ওই সময় বাংলাদেশেও আতঙ্ক সৃষ্টি হয়।
ধারণা করা হচ্ছিল, রোগটি অতিথি পাখির মাধ্যমে দেশান্তরে ছাড়ায়।
পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ডব্লিউটিবি ও আইসিডিডিআরবি কে সম্পৃক্ত করে ৫০০ অতিথি পাখির দেহে পরীক্ষামূলক স্যাটেলাইট ট্রান্সমিটার স্থাপন, তাদের রিং পরানো এবং মল-রক্ত পরীক্ষা করার অনুমতি দেওয়া হয়।
তপন দে বলেন, "যেসব পরিযায়ী হাঁস সাইবেরিয়া, চীন, নেপাল, ভারত অতিক্রম করে দেশে এসেছে তাদেরকে ট্রান্সমিটার পরানোর কাজ অব্যাহত থাকবে। শীতের তীব্রতা শেষ হয়ে যাওয়ায় এ বছর সীমিতভাবে বিভিন্ন প্রজাতির মাত্র ২০টি পাখির দেহে স্যাটেলাইট ট্রান্সমিটার যুক্ত করা হবে।"
ছোট আকারের ট্রান্সমিটার আবিস্কার হওয়ার পর পাখির মাইগ্রেশন সনাক্ত করার কাজটি সহজ হয়ে যায়। কিন্তু বাংলাদেশ এক্ষেত্রে পিছিয়ে ছিল। এবার ডিজিটাল ট্রন্সমিটার ব্যবহারের মাধ্যমে এগিয়ে গেল আরেকধাপ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এইচএ/০০১৮ ঘ.
bdnews24