ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত-বাংলাদেশ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলনে এবার গোলাগুলির পাশাপাশি গুরুত্ব পাবে ভূমি নিয়ে বিরোধও।
নয়াদিল্লিতে সীমান্ত সম্মেলন শুরুর একদিন আগে শনিবার বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মইনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ রাইফেল্স (বিডিআর) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর মহাপরিচালক পর্যায়ে এ সম্মেলন ১২ মার্চ পর্যন্ত চলবে।
বিডিআর মহাপরিচালক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা তাদের (বিএসএফ) বলবো যেখানে প্রধানমন্ত্রী পর্যায়ের আলোচনায় দুই দেশের উন্নয়নের নতুন করে চিন্তা করা হচ্ছে, সেখানে যেন এসব সমস্যা বাধা হয়ে না দাঁড়ায়।"
তিনি বলেন, বিএসএফ কর্তৃক সীমান্তে গুলিবর্ষণ এবং অপদখলীয় জমি নিয়ে উত্তেজনার বিষয়টি এবার সম্মেলনে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে।
মইনুল ইসলামের নেতৃত্বে ১৯ সদস্যের বিডিআরের প্রতিনিধি দল রোববার সকালে নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছাড়বে।
বিতর্কিত জমি নিয়ে বিডিআর-বিএসএফ উত্তেজনা দেখা দিলে গত ২ মার্চ মেজর জেনারেল মইনুল সিলেট সীমান্ত পরিদর্শন করেন। তিনি এজন্য বিএসএফকে দায়ী করে এ সমস্যার রাজনৈতিক সমাধানের ওপর গুরুত্ব দেন।
গত বছরের সম্মেলনে সীমান্তে গুলি করে নিরীহ মানুষ হত্যা বন্ধে বিএসএফ আশ্বাস দিলেও তা থামেনি। চার দিন আগেও ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়। গত মাসে পঞ্চগড়ে নিহত হয়েছে অন্তত দুজন।
সীমান্ত সম্মেলনের বিষয়ে বিডিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মেলনে বিএসএফ কর্তৃক সীমান্ত এলাকায় বাংলাদেশি নাগরিকদের গুলি করা/ আহত করা/ হত্যা করা/ ছাড়াও বিনা উস্কানিতে বিএসএফ কর্তৃক সীমান্ত এলাকায় গুলি বর্ষণ, বাংলাদেশি নাগরিকদের আটক, অপদখলীয় ভূমিতে দু'দেশের সীমান্ত বাহিনী কর্তৃক নিয়মিতভাবে সীমান্ত পিলার পরীক্ষা করাসহ বিভিন্ন বিষয় বিডিআর এর আলোচ্য সূচিতে রয়েছে।
সম্মেলনে ভারত থেকে বাংলাদেশে অবৈধ অস্ত্র, সার, বিভিন্ন ধরনের নেশা জাতীয় ও মাদক দ্রব্য চোরাচালান বন্ধ, সমন্বিত যৌথ সীমান্ত ব্যবস্থাপনার নীতিমালা প্রণয়ন, বিএসএফ কর্তৃক বাংলাদেশী নাগরিকদের আটক এবং ভারতীয় নাগরিক কর্তৃক অপহরণ, বিএসএফ ও ভারতীয় কর্তৃপক্ষ কর্তৃক সীমান্তের শূন্য রেখা হতে ১৫০ গজের মধ্যে অবকাঠামো বা রাস্তা নির্মাণের বিষয়গুলো নিয়েও আলোচনা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৭০০ ঘ.
bdnews24