ব্রাহ্মণবাড়িয়া, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটি সেতুর একাংশ ভেঙ্গে একটি ট্রাক আটকে পড়ায় চট্টগ্রাম-সিলেট সড়কে গাড়ি চলাচল শুক্রবার তিন ঘণ্টা বন্ধ ছিলো।
কসবা থানার ওসি জহিরুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১১টার দিকে একটি মালবাহী ট্রাক কালামুরিয়া সেতুর ওপর ওঠার পর সেতুর একাংশ ভেঙ্গে পড়ে। একইসঙ্গে ট্রাকটি বিকল হয়ে আটকে যায়।
ফলে ওই সেতু দিয়ে পারাপার বন্ধ হয়ে যায়। পরে দুপুর ২টার দিকে ট্রাকটি সরিয়ে নেওয়ার পর গাড়ি চলাচল পুনরায় শুরু হয় বলে ওসি জানান।
এদিকে তিন ঘণ্টা চলাচল বন্ধ থাকায় সেতুর উভয় পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৪৩০ ঘ.
bdnews24