ব্রাহ্মণবাড়িয়া, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল ছয় ঘণ্ট বন্ধ ছিল।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামগামী মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয় বলে জানিয়েছেন আখাউড়া লোকোশেডের প্রকৌশলী টি এ চৌধুরী।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে বগি দুটি উদ্ধার করে। এরপর বিকাল সাড়ে ৫টায় ট্রেন চলাচল আবার শুরু হয়।
রেল কর্মকর্তা জানান, ট্রেন চলাচল বন্ধ থাকায় আখাউড়া রেল জংশনে আটকা পড়ে সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তনগর এক্সপ্রেস ট্রেন পাহাড়িকা, ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্ণফুলী, ও ময়সিংহ থেকে চট্টগ্রামগামী নাসিরাবাদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১২ ঘ.
bdnews24