বেনাপোল, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের কমিউনিস্ট পার্টি মাকর্সবাদী (সিপিএম) সমর্থিত শ্রমিক সংগঠন সিটু'র বার্ষিক সম্মেলনের কারণে ওপারের পেট্রাপোল স্থলবন্দরের শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় বৃহস্পতিবার বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিলো।
এ কারণে বেনাপোল বন্দরে রপ্তানি পণ্য বোঝাই শত শত ট্রাক আটকা পড়ে। একই অবস্থা ছিলো ভারতের পেট্রাপোল বন্দরেও।
পেট্রাপোল বন্দরের সিএন্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্রমিকরা সিটু'র সম্মেলনে যোগ দেওয়ায় পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি কাজ বন্ধ ছিলো।
বেনাপোল বন্দরের কার্গো শাখার তত্ত্বাবধায়ক হামিদুর রহমান জানান, সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। তবে শুক্রবার থেকে স্বাভাবিক নিয়মে বন্দরের সব কাজ চলবে।
বেনাপোল শুল্ক বিভাগের যুগ্ম কমিশনার আজিজুর রহমান জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও শুল্কায়ন সংক্রান্ত কাজকর্ম হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৮৫২ ঘ.
bdnews24