২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মেলন শুরু

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে যশোরে শুরু হয়েছে তিনদিনের জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মেলন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2010, 12:18 PM

Updated : 24 Aug 2022, 07:15 PM

যশোর, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে যশোরে শুরু হয়েছে তিনদিনের জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মেলন। বৃহস্পতিবার সকাল ১০টায় টাউন হল মাঠে সম্মেলন উদ্বোধন করেন উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী অমরেশ রায় চৌধুরী। আয়োজক জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মেলন পরিষদের সভাপতি অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে স্বাগত বক্তব্য পরিষদের সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন ও উদীচী যশোর সংসদের সাধারণ সম্পাদক সুকুমার দাস। সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- রবীন্দ্র সঙ্গীত বিশেষজ্ঞ সন্জীদা খাতুন, অধ্যাপক আহমেদ মোস্তফা কামাল, অধ্যাপক অসিত বরণ ঘোষ, অধ্যাপক মতীন্দ্র সরকার, অতনু বন্দোপধ্যায়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আব্দুস সাত্তার প্রমুখ। শহরের ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বোধন সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে ২৯ তম জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মেলনের শুভ সূচনা হয়। পরিষদের সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন সাংবাদিকদের জানান, সম্মেলনের প্রথমদিনের কর্মসূচিতে রয়েছে- সঙ্গীতানুষ্ঠান, আবৃত্তি ও নৃত্যানুষ্ঠান। শুক্রবার দ্বিতীয় দিনের আয়োজন থাকছে- কবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান সাগরদাঁড়িতে প্রীতি সম্মেলন ও কথন। দিনের অন্য কর্মসূচির মধ্যে আছে- সেমিনার ও সমন্বিত শিক্ষামূলক অনুষ্ঠান। শনিবার সমাপনী দিনে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, আবৃত্তি ও সঙ্গীতানুষ্ঠান, প্রতিনিধি সম্মেলন, গুণীজন সম্মাননা ও রবীন্দ্র পদক প্রদান। এবার রবীন্দ্র সঙ্গীত শিল্পী গৌর গোপাল হালদারকে সম্মাননা দেওয়া হবে। ২৮তম জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মেলন অনুষ্ঠিত হয় জয়পুরহাটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১১ ঘ.