২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন পেছাচ্ছে

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনের জন্য গঠিত কমিশন নির্বাচনের জন্য আরো তিন মাস সময় চেয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2010, 11:36 AM

Updated : 24 Aug 2022, 07:15 PM

ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনের জন্য গঠিত কমিশন নির্বাচনের জন্য আরো তিন মাস সময় চেয়েছে। প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা পাওয়ার জন্য এ সময় নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিমান সচিব ও মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের দায়িত্বে নিয়োজিত নির্বাচন কমিশনার শফিক আলম মেহেদী। তিনি বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, নির্বাচনের জন্য প্রাথমিকভাবে তিন মাস সময় বাড়ানোর জন্য ইতিমধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। এ সময়ের মধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করে নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হবে। শফিক জানান, ১৪ মার্চের মধ্যে মন্ত্রণালয় থেকে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা পাঠানো হবে। এরপর একদিন সময় নিয়ে ১৬ মার্চ কমিশন ভোটার তালিকা তৈরি করবে। তিনি জানান, মুক্তিবার্তা ও গেজেট এ দুটোর ওপর ভিত্তি করেই ভোটার তালিকা তৈরি করা হবে। কমিশনার জানান, নির্বাচন অনুষ্ঠানের জন্য আড়াই কোটি টাকার বাজেট পাওয়া যেতে পারে। এ পর্যন্ত নির্বাচন কমিশনের পাঁচটি সভা হয়েছে জানিয়ে শফিক বলেন, ২ মার্চে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত হয়েছে, কমিশনের আইনি বিষয়গুলো দেখার জন্য একজন উপদেষ্টা নিয়োগ দেওয়া হবে। মুক্তিযোদ্ধা সংসদ কাউন্সিলের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, জেলা ও উপজেলা কমান্ডের নির্বাচনের জন্য মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এমআই/১৭৩০ ঘ.