ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাজার ব্যবস্থার ত্রুটির সুযোগে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যের কারণে দ্বিগুণ দামে ইলিশ কিনতে হচ্ছে বলে এক গবেষণাপত্রে বলা হয়েছে।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) গবেষণায় বলা হয়, ইলিশের সরবরাহ বা বাজার ব্যবস্থা বেশ দীর্ঘ এবং এর বিভিন্ন স্তরে উল্লেখযোগ্য সংখ্যক মধ্যস্বত্বভোগী জড়িত। এর ফলে ইলিশের চূড়ান্ত বাজার মূল্যের ৫৩ শতাংশই বাজারজাতকরণের খরচ হিসেবে চলে যায়।
বৃহস্পতিবার বিআইডিএস সম্মেলন কক্ষে 'দ্য সাপ্লাই চেইন অ্যান্ড প্রাইসেস অব হিলসা ফিস ইন বাংলাদেশ' শীর্ষক এক কর্মশালায় গবেষণাপত্রটি উপস্থাপন করেন প্রতিষ্ঠানের সিনিয়র গবেষণা ফেলো এসএম জুলফিকার আলী।
এতে বলা হয়েছে, ইলিশ বাজারজাতকরণ ব্যবস্থায় ক্ষুদ্র জেলে থেকে শুরু হয়ে খুচরা বিক্রেতা পর্যন্ত আটটি পর্যায়ে মধ্যস্বত্বভোগী রয়েছে। এর মধ্যে রয়েছে তিনটি পর্যায়ে রয়েছে আড়ৎদার, দুইটি পর্যায়ে পাইকারি বিক্রেতা এবং আরো আছে নৌকা ও জাল মালিক, খুচরা বিক্রেতা এবং জেলেরা।
মাছ ধরার সঙ্গে সরাসরি জড়িত থাকলেও একজন জেলে ইলিশের প্রকৃত মূল্যের মাত্র দেড় শতাংশ পান।
অনুষ্ঠানের প্রধান অতিথি মৎস্য ও প্রাণীসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস বলেন, "মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে হলে জেলেদের কাছে আর্থিক ও উপকরণ সুবিধা বাড়াতে হবে এ নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। আমরা এ বিষয়ে কাজ করছি।"
তিনি বলেন, কৃষকের যেমন ঋণ সুবিধাসহ বিভিন্ন ভর্তূকি দেওয়া হচ্ছে, জেলেদের ক্ষেত্রেও এরকম চিন্তাভাবনা চলছে। নৌকা ও জাল মালিকদের ওপর নির্ভরশীলতা কমানোর লক্ষ্যে উপকরণ কেনার জন্য জেলেদের আর্থিক সহায়তার বিষয়েও আমরা উদ্যোগ নিয়েছি।
মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দেশে জেলের সংখ্যা সঠিকভাবে জানার জন্য নিবন্ধন কাজ চলছে।
এই গবেষণা পত্রে ১৫ জনের একটি জেলে দলের মাছ ধরার বর্ণনা দেয়া হয়েছে।
বর্ণণায় বলা হয়েছে, জেলেরা মালিকদের কাছ থেকে নৌকা ও জাল নিয়ে মাছ ধরতে যায়। ফিরে আসার পর ইলিশ বিক্রি করে প্রথমে বরফ, ইঞ্জিনের জ্বালানিসহ বিভিন্ন ধরনের অপারেটিং চার্জ কেটে নেন নৌকা ও জাল মালিকরা।
এরপর নৌকা ও জাল মেরামত বাবদ খরচ কাটার পরে বাকি টাকা জেলে দল ও মালিকের মধ্যে ভাগাভাগি হয়। ১৬ ভাগের ৬ ভাগ অর্থ পান মাছ ধরার সঙ্গে জড়িত ১৫ জন জেলে এবং বাকি ১০ ভাগ পান নৌকা ও জালের মালিক।
এরপর মালিকরা আড়তদারের কাছে, সেখান থেকে পাইকারি বিক্রেতার কাছে, পাইকারি থেকে আবার আড়ৎদার, আড়ৎদার থেকে পাইকারি, আবার পাইকারি থেকে আড়ৎদার এবং সর্বশেষ খুচরা বিক্রেতাদের কাছে ইলিশ মাছ পৌঁছায়।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের হিসেব অনুযায়ী, বৃহস্পতিবার রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি ইলিশের দাম ছিলো ৩৮০ থেকে ৪২০ টাকা। এক বছর আগে ইলিশ মাছের দাম ছিলো ২৮০ থেকে ৩২০ টাকা।
ইলিশের দাম কমানোর জন্য জেলে থেকে খুচরা বিক্রেতার মাঝের স্তরগুলো কমানোর জন্য বেশ কয়েকটি সুপারিশ করা হয়েছে গবেষণাপত্রটিতে।
এসব সুপারিশের মধ্যে রয়েছে জেলেদের ঋণ সুবিধা বাড়ানো, যোগাযোগ অবকাঠামো উন্নত করা এবং কমিউনিটি ভিত্তিক মৎস্য ব্যবস্থাপনা গড়ে তোলা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/কিউএইচ/এমআই/১৭১৫ ঘ.
bdnews24