২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দারিদ্র্য বিমোচনে আরো বিদেশি সহায়তা চাইলেন আশরাফ

দারিদ্র্য বিমোচন এবং খাদ্য নিরাপত্তায় আরো সহায়তার জন্য দাতা গোষ্ঠীর প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2010, 10:40 AM

Updated : 24 Aug 2022, 07:15 PM

ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দারিদ্র্য বিমোচন এবং খাদ্য নিরাপত্তায় আরো সহায়তার জন্য দাতা গোষ্ঠীর প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। বৃহস্পতিবার রাজধানীতে এক সেমিনারে তিনি এ আহ্বান জানান। একইদিনে যুক্তরাজ্য পার্লামেন্টের একটি কমিটির প্রতিবেদনে বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে দুর্নীতি ও জলবায়ু পরিবর্তনকে প্রধান বাধা হিসেবে চিহ্নিত করা হয়। র‌্যাডিসন হোটেলে 'বাংলাদেশে খাদ্য নিরাপত্তা কর্মসূচির সুফল' শীর্ষক ওই সেমিনারে আশরাফ বলেন, "সরকার ২০২১ সালের মধ্যে দারিদ্র্য সর্বনিু পর্যায়ে নামিয়ে আনতে চায়। এজন্য দাতা ও উন্নয়ন সহযোগীদের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকেও কাজ করতে হবে।" স্থানীয় সরকার বিভাগ, কেয়ার বাংলাদেশ, সেভ দ্য চিলড্রেন ইউএসএ এবং ইউএসএআইডি এ সেমিনার আয়োজন করে। স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বর্তমান সরকার চায় আইনি কাঠামোর মধ্যে থেকে এনজিওগুলো স্বাধীনভাবে তাদের কাজ করবে, যা দেশের আর্থ-সামাজিক উন্নয়নসহ তাদের লক্ষ্য অর্জনে ভূমিকা রাখবে। এনজিওগুলোর কার্যক্রম নিয়ে তিনি বলেন, সেভ দ্য চিলড্রেন উপকূলীয় তিনটি জেলার ১৩টি উপজেলার মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করছে। এ কর্মসূচি উপকূলীয় এলাকার অতি-দরিদ্র মানুষের স্বাস্থ্য সমস্যা এবং প্রসূতি ও শিশুদের পুষ্টি উন্নয়নে সহায়তা করছে। এছাড়া সৌহার্দ্য কর্মসূচি ইতিমধ্যে দেশের ২১টি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স তৈরি করেছে যেখানে সব পর্যায়ের মানুষের জন্য সরকারি ও বেসরকারি সার্ভিস সেন্টারের ব্যবস্থা রয়েছে। স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করার ওপরও জোর দেন তিনি। সেমিনারে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, "বর্তমান সরকার সম্পদের সর্বোত্তম ব্যবহারের বিষয়ে সতর্ক রয়েছে। এ বছর সরকারের মোট বাজেটের ১৮ শতাংশ সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে, যা গত ২০০৮-০৯ অর্থবছরে ছিলো ১২ শতাংশ।" "সরকারের নেওয়া পদক্ষেপের কারণে দারিদ্র্যের হার ৫৮ শতাংশ থেকে ৩৭ শতাংশে নেমেছে। তারপরও দেশে এখনো প্রায় তিন কোটি ৭০ লাখ অতি-দরিদ্র জনগোষ্ঠী রয়েছে", বলেন তিনি। সেমিনারে মূল নিবন্ধ উপস্থাপন করেন সেভ দ্য চিলড্রেন ইউএসএ'র ভাইস চেয়ারম্যান ডায়ানা মায়ারস ও কেয়ার ইউএসএ'র চিফ অব স্টাফ জো লারোসি। স্থানীয় সরকার বিভাগের সচিব মনজুর হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি এবং ইউএসআইডি'র মিশন প্রধান ডেনিস রোলিনস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কিউএইচ/এমআই/১৬৩০ ঘ.