বাগেরহাট, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অপহরণ ও হত্যার দায়ে তিনজনকে ফাঁসির আদেশ দিয়েছে বাগেরহাটের একটি আদালত।
বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিম এ রায় দেন।
মৃত্যুদণ্ডে দণ্ডিতরা হলেন- বাগেরহাটের মংলা উপজেলার পশ্চিম কাইনমারী গ্রামের হামিদ কাজীর ছেলে টুটুল কাজী (২১), একই গ্রামের রফিক বেপারীর ছেলে রুবেল বেপারী (২১) ও শরণখোলা উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের ফুল মিঞার ছেলে রফিকুল মিঞা (২২)।
এদের মধ্যে রফিকুল পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, পশ্চিম কানাইমারী গ্রামের আব্দুল লতিফ হওলাদারের ছেলে শাহীন হাওলাদারকে (১৯) ২০০৭ সালের ২৬ মার্চ রাতে আসামিরা বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তিনি আর বাড়ি ফেরেননি।
শাহীনের পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে পরদিন সকালে টুটুল ও রুবেলের কাছে তার খবর জানতে চায়। তারা সন্তোষজনক জবাব না দিতে পারায় তাদের ধরে মংলাস্থ নৌ-ঘাঁটিতে নিয়ে যায় শাহীনের পরিবার।
নৌ-বাহিনীর কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে শাহীনকে কাইনমারী এলাকায় পশুর নদীর চরকানা এলাকায় নিয়ে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করে টুটুল ও রুবেল।
ওইদিন বিকালে পুলিশ পশুর নদীর চরকানা এলাকা থেকে শাহীনের লাশ উদ্ধার করে।
এ ঘটনায় শাহীনের বাবা লতিফ হাওলাদার বাদি হয়ে মংলা থানায় টুটুল, রুবেল ও রফিকুলের নামে অপহরণ ও হত্যা মামলা করেন।
আদালতে দেওয়া জবানবন্দিতে পূর্ব শত্র"তার জেরে তিনজনে মিলে শাহীনকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেন টুটুল।
২০০৭ সালের ১৪ জুন বাগেরহাট আদালতে এ তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা মংলা থানার উপ-পরিদর্শক (এসআই) স্বপন চন্দ্র সরকার।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) কাজী মনোয়ার হোসেন। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট কাজী আজাহার আলী ও জালাল উদ্দিন হাওলাদার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/১৬৩৩ ঘ.
bdnews24