২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিন পেলেন ইকবাল

অবৈধ সম্পদ অর্জনের মামলায় কারাগারে যাওয়ার চার দিন পর বৃহস্পতিবার হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য এইচবিএম ইকবাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2010, 09:18 AM

Updated : 24 Aug 2022, 07:15 PM

ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ সম্পদ অর্জনের মামলায় কারাগারে যাওয়ার চার দিন পর বৃহস্পতিবার হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য এইচবিএম ইকবাল। ইকবালের আবেদনে বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি মো. আবু বকর সিদ্দিকীর বেঞ্চ তাকে নয় মাসের জন্য জামিন দিয়েছে। এ মামলায় বিচারিক আদালতে ১৩ বছর সাজাপ্রাপ্ত ইকবাল গত ২৮ ফেব্র"য়ারি আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়। ইকবালের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৮ সালের ১১ মার্চ এ মামলায় আওয়ামী লীগ নেতা ইকবালের সাজার আদেশ হয়। দুর্নীতি দমন কমিশন ২০০৭ সালের ২৫ জুন মামলাটি দায়ের করে। তবে বিচার চলাকারে এবং রায়ের সময় ইকবাল পলাতক ছিলেন। মামলা বাতিলে পরে উচ্চ আদালতে যান তিনি। মামলায় অভিযোগ করা হয়, ইকবালের ২২ কোটি টাকার সম্পদের তথ্য দুর্নীতি দমন কমিশনের কাছে গোপন করেছেন এবং তার ১৬ কোটি টাকার অবৈধ সম্পদ রয়েছে। ইকবালের দুর্নীতিতে সহায়তা করায় তার স্ত্রী মমতাজ বেগম এবং ছেলে মইন ইকবাল ও ইকরাম ইকবালেরও সাজা হয়। তবে তাদের সাজার আদেশের ওপর উচ্চ আদালতের স্থগিতাদেশ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫১৫ ঘ.