ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু নভোথিয়েটার নির্মাণে দুর্নীতির অভিযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা তিনটি মামলা বাতিল বলে রায় দিয়েছে হাইকোর্ট।
শেখ হাসিনার রিট আবেদনে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী এবং বিচারপতি বোরহানউদ্দিনের বেঞ্চ বৃহস্পতিবার এ রায় দিয়ে বলেছে, অসৎ উদ্দেশ্যে মামলাগুলো করা হয়েছিলো।
বিএনপি-জামায়াত জোট সরকারের সময় ২০০২ সালের ২৭ মার্চ দুর্নীতি দমন ব্যুরো তেজগাঁও থানায় এ মামলাগুলো হয়েছিলো।
ব্যুরোর বিলোপের পর মামলার দায়িত্ব চলে আসে দুর্নীতি দমন কমিশনের কাছে। ২০০৫ সালের ২৪ আগস্ট দুর্নীতি দমন কমিশনের তৎকালীন চেয়ারম্যান একটি চিঠিতে মামলা তিনটিকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে এর অভিযোগপত্র দিতে বলেন।
ওই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে তখনকার বিরোধীদলীয় নেতা হাসিনা তিনটি রিট আবেদন করেন।
আদালতের রায়ে ওই চিঠিগুলোকে অবৈধ ঘোষণা করে বলা হয়েছে, ওই চিঠি অবৈধ হওয়ায় তার পরিপ্রেক্ষিতে চলা কার্যক্রমও আইন বহির্ভূত হবে।
আদালত বলেছে, মামলা তিনটি অসৎ উদ্দেশ্যে সাবেক প্রধানমন্ত্রীকে (হাসিনা, ওই সময়) হেয় প্রতিপন্ন করতে দায়ের করা হয়েছিলো।
বঙ্গবন্ধু নভোথিয়েটার নিয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের কার্যনির্বাহী পরিষদের (একনেক) তিনটি সিদ্ধান্ত নিয়ে হাসিনার বিরুদ্ধে মামলা তিনটি করা হয়।
সিদ্ধান্তগুলো হলো- প্রকল্পের পরামর্শকের ব্যয় বৃদ্ধি, ভবন নির্মাণের ব্যয় বৃদ্ধি ও কমকর্তা-কর্মচারীদের ব্যয় বৃদ্ধি।
মামলার অভিযোগের বিষয়ে আদালতের রায়ে বলা হয়েছে, অভিযোগগুলো ফৌজদারি আইনের কোনো বিধানের আওতায় পড়ে না। এ মামলা চললে বিবাদী আরো হয়রানির সম্মুখীন হবেন।
আদালতে হাসিনার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক উল হক ও ফজলে নূর তাপস।
ফজলে নূর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হয়রানির উদ্দেশ্যে এ মামলাগুলো করা হয়েছিলো, আদালতের রায়ে তা অবৈধ বলে বিবেচিত হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪২০ ঘ.
bdnews24