২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'তথ্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করবে সুশাসন'

তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সরকারের জবাবদিহিতা নিশ্চিত এবং সুশাসন প্রতিষ্ঠার আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2010, 05:50 AM

Updated : 24 Aug 2022, 07:16 PM

ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সরকারের জবাবদিহিতা নিশ্চিত এবং সুশাসন প্রতিষ্ঠার আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য সরকারি কার্যক্রমে তথ্য প্রযুক্তি ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। একইসঙ্গে সেবার জন্য জনগণের আসার জন্য অপেক্ষা না করে বরং জনগণের কাছে যেতে সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী বৃহস্পতিবার ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন করেন। তিন দিনের এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার 'দিন বদলের সনদ'র হাতিয়ার হিসেবে নেওয়া হয়েছিলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে। "তথ্য প্রযুক্তির মাধ্যমেই সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, সুশাসন প্রতিষ্ঠা ও র্দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করা সম্ভব হবে বলে আশা করছি।" এ জন্য প্রধানমন্ত্রী সরকারি-বেসরকারি সব কার্যক্রমে তথ্য প্রযুক্তি ব্যবহার বাড়ানোর আহ্বান জানান। জনগণের কাছে সেবা পৌঁছে দিতে সবাইকে আন্তরিক হতে বলেন তিনি। দেশের জনগণকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ও বিভিন্ন ডিজিটাল সেবা সম্পর্কে সচেতন করে তোলার জন্য ঢাকার বাইরে জেলা-উপজেলা পর্যায়ে এ মেলা আয়োজনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। রাজধানীর বঙ্গবন্ধু নভোথিয়েটারে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান ও ঢাকা জাতিসংঘ উন্নয়ন তহবিলের (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি রেনাটা লক ডেসালিয়ন। রেনেটা রক ডেসালিয়ন সরকারের ডিজিটাল বাংলাদেশ ধারণাপত্রকে স্বাগত জানিয়ে বলেন, কিছু উদ্ভাবন আছে, যেগুলোর মাধ্যমে বাংলাদেশ নিজ সীমান্তের বাইরেও বিভিন্ন স্বল্পোন্নত দেশের উন্নয়নে বড় ভূমিকা রাখছে। তথ্যপ্রযুক্তির বিভিন্ন সেবার উপযোগিতা ও প্রভাব দেশের সাধারণ জনগণের মধ্যে কতো দ্রুত ছড়িয়ে পড়ছে তা উল্লেখ করে প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, বাংলাদেশের সাধারণ জনগণ তথ্যপ্রযুক্তি হাতে তুলে নিলে বাংলাদেশের পরিবর্তন হবেই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. আবদুল করিম। মন্ত্রিপরিষদের সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে ছিলেন। এ মেলা যৌথভাবে আয়োজন করছে বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক্সেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচি। এটুআই প্রকল্পের পরিচালক নজরুল ইসলাম খান বলেন, এ মেলার উদ্দেশ্য বিভিন্ন ডিজিটাল সেবা পদ্ধতি সম্পর্কে জনগণকে আগ্রহী করে তোলা এবং সচেতন করে তোলা। আগামী বছরও একইভাবে এবং পরবর্তীতে বিভাগীয় ও জেলা পর্যায়েও একই ধরনের মেলার আয়োজনের আশা প্রকাশ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এমআই/১২৪০ ঘ.