ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরান ঢাকায় ভিক্টোরিয়া পার্কের পাশে বৃহস্পতিবার সকালে সন্ত্রাসীদের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছে।
নিহত প্রেম কৃষণ কুমার (৪০) একজন স্বর্ণকার বলে পুলিশ জানিয়েছে।
সূত্রাপুর থানার উপপরিদর্শক শরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৮টার দিকে ভিক্টোরিয়া পার্কের উত্তর পাশে রাস্তায় সন্ত্রাসীরা প্রেমকে গুলি করে পালিয়ে যায়।
স্থানীয় লোকজন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, প্রেম মারা গেছেন।
প্রেম তার ভাই অমল কৃষণের সঙ্গে ব্যবসা করতেন। ভাইয়ের মেয়েকে স্কুলে দিয়ে ফেরার পথেই তার ওপর হামলা হয়।
হত্যার কারণ এবং হত্যাকারী কারা- তা পুলিশ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে পুলিশ কর্মকর্তা শরিফ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১১৩০ ঘ.
bdnews24