২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাইম স্কেল বাতিলের গুজবে কর্মকর্তাদের বিক্ষোভ

কর্মকর্তা-কর্মচারিদের জন্য সরকারের দেওয়া সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাতিলের গুজবে গেজেটভূক্ত দেড় শতাধিক দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা বুধবার অর্থ মন্ত্রণালয়ে বিক্ষোভ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2010, 06:22 PM

Updated : 24 Aug 2022, 07:12 PM

ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্মকর্তা-কর্মচারিদের জন্য সরকারের দেওয়া সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাতিলের গুজবে গেজেটভূক্ত দেড় শতাধিক দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা বুধবার অর্থ মন্ত্রণালয়ে বিক্ষোভ করেছেন। বিক্ষুদ্ধ কর্মকর্তারা এ সময় সিলেকশন গ্রেড কমিটির সভাপতি অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফজলে কবিরের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন। প্রশাসনিক কর্মকর্তা সমিতির (এও) মহাসচিব মিজানুর রহমান এর নেতৃত্ব দেন। পরে প্রশাসনিক কর্মকর্তা এবং ব্যক্তিগত কর্মকর্তাদের (পিও) একটি প্রতিনিধি দল ফজলে কবিরের সঙ্গে দেখা করেন। পরে অতিরিক্ত সচিবের আশ্বাসের প্রেক্ষিতে তারা বিক্ষোভ বন্ধ করেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, কর্মকর্তাদের এ বিক্ষোভের কারণে গোটা মন্ত্রণালয়ের কার্যক্রম বন্ধ হয়ে যায়। একজন সচিবের ব্যক্তিগত কর্মকর্তা ফরহাদ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত জুলাই মাসে ঘোষিত পে-স্কেলে দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তাদের জন্য চাকরীর বয়সসীমা ৮ বছর ও ১২ বছর পূর্ণ হলে দুটি টাইম স্কেল দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়। এ সংক্রান্ত গেজেটেও বলা হয়, ২০০৯ সালের ১ জুলাই থেকে টাইম স্কেল দেওয়া হবে। এর আগের কোনো বকেয়া দেওয়া হবে না। সরকারি সিদান্তের প্রেক্ষিতে ইতোমধ্যেই এও এবং পিও পর্যায়ের কর্মকর্তাদের অনেকেই টাইম স্কেলের অর্থ তুলেছেন। তবে বেশীরবাগ কর্মকর্তাই এখনো এই সুবিধা পাননি। গত ১৬ ফেব্র"য়ারি অর্থ মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিবের সভাপতিত্বে এ সংক্রান্ত এক বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর থেকে গুজব ছড়াতে থাকে যে, টাইম স্কেল দেওয়ার সিদ্ধান্ত বাতিল করা হচ্ছে। পাশাপাশি টাইম স্কেলের তোলা টাকাও সংশ্লিষ্টদের ফেরত দিতে হবে। এ গুজবের সূত্র ধরেই বুধবারের বিক্ষোভ হয় বলে জানান ফরহাদ মিয়া। অর্থ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা (বাজেট) নজরুল ইসলাম বলেন, দেড় শতাধিক কর্মকর্তা প্রায় ৩০ মিনিট সেখানে উপস্থিত ছিলেন। এ সময় তারা বিক্ষোভ করেন এবং শ্লোগান দেন। অতিরিক্ত সচিব ফজলে কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সেদিনের সভায় টাইম স্কেল বাতিলের বিষয়ে কোন আলোচনা হয়নি। তারা একটি ভ্রান্ত ধারণার কারণে বিক্ষুব্ধ ছিল। এজন্যই আলোচনা করতে এসেছিল। টাইম স্কেলের বিষয়ে শিগগিরই একটি সভা হবে। যদিও গেজেট অনুযায়ীই সব বাস্তবায়ন করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরবি/এইচএ/০০০৫ ঘ.