ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তুরাগ নদীর বালু তুলে পরিবেশের ক্ষতি করার অপরাধে মিরপুরের একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীর অর্থদণ্ড করেছে ঢাকার একটি আদালত।
জান্নাত এন্টারপ্রাইজ নামের ওই প্রতিষ্ঠানের মালিক মো. জহিরুল ইসলামকে নগদ ১৪ হাজার টাকা জরিমানা অনাদায়ে আট মাস কারাভোগ করতে হবে।
ঢাকা বিভাগীয় পরিবেশ আদালতের বিচারক ফউজুল আজিম বুধবার এ রায় দেন।
একই সঙ্গে পরিবেশ অধিদপ্তর থেকে ছাড়পত্র না নেওয়া পর্যন্ত বালু উত্তোলন বন্ধ রেখে তিন মাসের মধ্যে কর্তৃপক্ষের কাছ থেকে ছাড়পত্র নিয়ে আদালতে দাখিল করারও নির্দেশ দেন রায়ে।
পরিবেশ অধিদপ্তর, ঢাকা বিভাগের সহকারী পরিচালক (কারিগরি) শেখ মো. নজমুল হুদা ২০০৮ সালের ২৭ জুলাই রাজধানীর শাহ্ আলী থানায় এ মামলা করেন।
মামলার নথি থেকে জানা যায়, আসামির ব্যবসা প্রতিষ্ঠানটি অবৈধভাবে বেড়িবাঁধের বাইরে তুরাগ নদীর তীরে ভূমি ভরাট করে পরিবেশের ক্ষতি করছে।
অভিযোগ তদন্ত শেষে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক (কারিগরি) মো. ইউসুফ আলী গত বছরের ১৭ নভেম্বর মো. জহিরুল ইসলামের বিরুদ্ধে ১৯৯৫ সালের বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে অভিযোগপত্র দেন।
অভিযুক্ত জহিরুল ইসলাম আদালতে দোষ স্বীকার করে ভবিষ্যতে এ ধরনের অপরাধ না করার অঙ্গীকার করলে আদালত নমনীয় দৃষ্টিভঙ্গি গ্রহণ করে এ রায় দেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বিশেষ পাবলিক প্রসিকিউটর মো. ফিরোজুর রহমান (মন্টু) এবং আসামিপক্ষে ছিলেন সানজীদা আক্তার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/ডিডি/২৩১০ ঘ.
bdnews24