২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক নেটওয়ার্কে সব থানা

দেশের সবকটি থানাকে ইন্টারনেটের মাধ্যমে এক নেটওয়ার্কে আনার প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2010, 04:53 PM

Updated : 24 Aug 2022, 07:12 PM

সায়েদুল ইসলাম তালাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের সবকটি থানাকে ইন্টারনেটের মাধ্যমে এক নেটওয়ার্কের আওতায় আনার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর প্রথম পর্যায়ে ১০৫টি থানাকে এক নেটওয়ার্কভুক্ত করার কাজ শেষ হয়েছে। দ্বিতীয় পর্যায়ে বাকি সব থানাকে এর আওতায় আনতে ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে পুলিশ সদর দপ্তর। এর ফলে আগামীতে যে কোনো থানার পুলিশ কর্মকর্তা অপরাধ বা অপরাধী সম্পর্কে নিজের কম্পিউটারেই সব তথ্য পাবেন। প্রকল্পের প্রথম পর্যায়ের (কম্পিউটারাইজেশন অব পুলিশ স্টেশনস-১ম পর্যায়) আওতায় ১৫টি জেলার ১০৫টি থানাকে আনা হয়। সহকারী পুলিশ মহাপরিদর্শক (আইসিটি) মো. শাহ আলম বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "থানা ও পুলিশের সব শাখা এক নেটওয়ার্কের আওতায় আনা গেলে তা অপরাধ নিয়ন্ত্রণে যথেষ্ট সহায়ক হবে। বিশেষ করে তথ্য, ফিঙ্গার প্রিন্ট ইত্যাদি সহজেই শেয়ার করতে পারবেন পুলিশ কর্মকর্তারা। মামলার তদন্তেও তা অনেক কাজে আসবে।" তিনি জানান, প্রযুক্তিগত সমৃদ্ধিতে সবচেয়ে বেশি সুবিধা পাবে জনগণ। পুলিশ সংক্রান্ত অনেক কাজ ঘরে বসেই করতে পারবে। বন্ধু পুলিশ প্রকল্প ঢাকায় বুধবার সিটিজেন্স হেল্প রিকয়েস্ট (সিএইচআর) 'ও পুলিশ, বন্ধু আমার (বন্ধু পুলিশ)' নামের একটি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। এই সেবার আওতায় রাজধানীর ৪১টি থানায় ঘরে বসেই যে কোনো কিছু হারিয়ে যাওয়া সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) করা যাবে। ছিনতাই হওয়ার পরে অভিযোগ করা, বখাটে, মাদকসেবী, অপরাধীদের আড্ডা ও অবৈধ সমাবেশ সম্পর্কে তথ্য দেওয়া যাবে। এছাড়া গৃহপরিচারিকা, দারোয়ান, তত্ত্বাবধায়ক, নৈশপ্রহরী নিয়োগ বা পলায়ন বা ভাড়াটিয়া সম্পর্কেও তথ্য জানানো যাবে। বিশ্বের যে কোনো দেশে বসবাসকারী প্রবাসীরা তাদের সমস্যা নিয়ে অনলাইনেই জিডি করতে পারবেন। পুলিশ সদর দপ্তরের প্রবাসী সেল এর তদন্তে থাকবে। বিদেশিরা দেশে আসার সময় সরাসরি নিবন্ধন এবং দেশি-বিদেশি সবাই অভিবাসন সংক্রান্ত ফরম পূরণ করতে পারবে এ সেবার আওতায়। িি .িঢ়ড়ষরপব.মড়া.নফ ওয়েবসাইটে এসব সুবিধা পাওয়া যাবে। বুধবার নিজ দপ্তরে এ সেবার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। বৃহস্পতিবার শুরু হতে যাওয়া দুদিন ব্যাপী 'ডিজিটাল পাবলিক ইনোভেশন ফেয়ার-২০১০' এ পুলিশ বিভাগের স্টলে এ নিয়ে বিস্তারিত জানা যাবে। এআইজি (আইসিটি) শাহ আলম জানান, এসব প্রযুক্তি ব্যবহারের ফলে সাধারণ মানুষ উপকৃত হবে; পুলিশেরও অনেক সময় বাঁচবে। যেমন বিদেশিদের তথ্য ইন্টারনেটের মাধ্যমে অন্তর্ভুক্ত করা গেলে তা তাদের জন্য সহায়ক হবে। পুলিশ কর্মকর্তারাও ঝামেলাহীনভাবে তথ্য পাবেন। তিনি বলেন, "এখন হারিয়ে যাওয়া সংক্রান্ত জিডি করার পরে আবার থানায় গিয়ে নম্বর আনতে হয়। কিন্তু আমরা পুরো প্রক্রিয়াটিকে এমনভাবে সাজানোর চেষ্টা করছি যাতে জিডির নম্বর অভিযোগকারী ফোনে বা নেটেই পেয়ে যান।" পাসপোর্ট ভেরিফিকেশনের তথ্যও ইন্টারনেটে বসেই পাওয়া যাবে বলে তিনি জানান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় এ২আই প্রজেক্টের একসেস টু পুলিশ ইনফরমেশন প্রজেক্ট এর আওতায় উপরে উল্লিখিত সব সেবা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এ প্রকল্পের আওতায় অদূর ভবিষ্যতে মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে মামলা ও পাসপোর্ট সংক্রান্ত তথ্য দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন শাহ আলম। পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, প্রযুক্তিগতভাবে পুলিশ বাহিনীকে সমৃদ্ধ করে তুলতে গত কয়েকবছর ধরেই চেষ্টা চলছে। ই-পুলিশ প্রকল্পের আওতায় ঢাকা মহানগরীর ৭৩টি ইউনিট একটি একক নেটওয়ার্কে আনার কাজ শেষ পর্যায়ে রয়েছে। প্রকল্পের দ্বিতীয় পর্যায় অনুমোদিত হলে ও প্রয়োজনীয় অর্থ বরাদ্দ হলে ৬৪টি জেলার ৬০০ থানা ল্যান (লোকাল এরিয়া নেটওয়ার্ক) এবং সকল জেলা ওয়ান (ওয়াইড এরিয়া নেটওয়ার্ক) এর আওতায় আসবে। একইসঙ্গে থানা, ইমিগ্রেশন ও সিআইডির মতো তদন্ত বিভাগ তথ্য বিনিময় করতে পারলে অপরাধ নিয়ন্ত্রণ অনেক সহজ হবে। এজন্য যথেষ্ট অর্থ বরাদ্দই সবচেয়ে বড় সমস্যা বলে জানান প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্টরা। তবে বর্তমান সরকার প্রযুক্তির বিষয়ে অধিক গুরুত্ব দেওয়ায় অর্থ বরাদ্দা পাওয়ার বিষয়টি বড় বাধা হবে না বলে আশা করছেন পুলিশ কর্মকর্তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এজে/জিএনএ/২২৪৭ ঘ.